‘সিবিআই’ ও ‘ইডি’ তৃণমূলের বিরুদ্ধে বেআইনি পদক্ষেপ গ্রহণ করছে: সুখেন্দু শেখর
-
সুখেন্দু শেখর রায় এমপি
ভারতের কেন্দ্রীয় সরকারের নির্দেশে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ‘সিবিআই’ ও এনফোর্সমেন্ট ডিরেক্ট্রেট (‘ইডি’) তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক বেআইনি পদক্ষেপ গ্রহণ করছে বলে মন্তব্য করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ও উপ-দলনেতা সুখেন্দু শেখর রায় এমপি। তিনি আজ (শুক্রবার) রাজধানী দিল্লিতে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
সুখেন্দুশেখর রায় বলেন, ‘সিবিআই’ ও এনফোর্সমেন্ট ডিরেক্ট্রেট (‘ইডি’) এসব বেআইনি পদক্ষেপ গ্রহণ করছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় (মুখ্যমন্ত্রী) ও তৃণমূলের কণ্ঠরোধ করার জন্য। আপনারা জানেন, যারা (বিজেপি) বলেছিল বাংলা দখল করব, দু’শোর বেশি আসনে জিতব, তাদেরকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছেন এবং তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিপুল ভোটে বিপুল আসন জয় করে তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় এসেছে। এটা তারা সহ্য করতে পারছেন না। মানুষের রায় তারা মাথা পেতে নিতে পারছেন না। তাই আজকে নতুন করে শুরু হয়েছে ষড়যন্ত্র!’
তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সারা দেশে বিরোধী নেতৃত্বকে সঙ্ঘবদ্ধ করার চেষ্টা করছেন, কেন্দ্রীয় মোদি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। সুতরাং মমতা বন্দোপাধ্যায়কে আটকাও, তৃণমূলকে আটকাও। আমাদের জাতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (বিজেপিশাসিত) ত্রিপুরায় গেলে তাঁর গাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হয়, তাকে আক্রমণ করা হয়। দ্বিতীয়বার গেলেন, সেবারও আক্রমণ করা হয়েছে। আমাদের অন্যান্য নেতৃবৃন্দ নেতা-মন্ত্রী-সংসদ সদস্য-বিধায়করা গেছেন, তাদের উপরেও একের পর এক হামলা চলছে। সেখানে সামান্য হাসপাতালের সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছে। এভাবে ওরা তৃণমূল কংগ্রেসকে টার্গেট করেছে।’
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নারদা আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত হলেও ইডির চার্জশিটে তাঁর নাম নেই বলেও মন্তব্য করেন, তৃণমূলের রাজ্যসভার সাংসদ ও উপ-দলনেতা সুখেন্দু শেখর রায় এমপি।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।