গীতিকার ও চলচ্চিত্র লেখক জাভেদ আখতারকে ক্ষমা চাওয়ার দাবি বিজেপির
https://parstoday.ir/bn/news/india-i96950-গীতিকার_ও_চলচ্চিত্র_লেখক_জাভেদ_আখতারকে_ক্ষমা_চাওয়ার_দাবি_বিজেপির
ভারতের প্রখ্যাত গীতিকার ও চলচ্চিত্র লেখক জাভেদ আখতার তালেবানের সঙ্গে উগ্রহিন্দুত্ববাদী ‘আরএসএস’-এর তুলনা করায় তাকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে বিজেপি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৫, ২০২১ ১৪:১৩ Asia/Dhaka
  • প্রখ্যাত গীতিকার ও চলচ্চিত্র লেখক জাভেদ আখতার
    প্রখ্যাত গীতিকার ও চলচ্চিত্র লেখক জাভেদ আখতার

ভারতের প্রখ্যাত গীতিকার ও চলচ্চিত্র লেখক জাভেদ আখতার তালেবানের সঙ্গে উগ্রহিন্দুত্ববাদী ‘আরএসএস’-এর তুলনা করায় তাকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে বিজেপি।

আজ (রোববার) হিন্দি গণমাধ্যম ‘আজতক’ সূত্রে প্রকাশ, মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক ও মুখপাত্র রাম কদম বলেছেন, জাভেদ আখতার ক্ষমা না চাওয়া পর্যন্ত দেশে তার ফিল্ম চলতে দেওয়া হবে না।         

সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সাবেক সদস্য ও প্রখ্যাত কবি জাভেদ আখতার গত (শুক্রবার) এক সাক্ষাৎকারে আরএসএসকে তালেবানের সঙ্গে তুলনা করেছেন। তিনি  বলেন,  ‘তালেবান যেমন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তেমন আর একদল মানুষ হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে। এদের মানসিকতা একরকম। সে তারা মুসলিম, খ্রিস্টান, ইহুদি বা হিন্দু যা-ই হোক না কেন।’ তিনি আরও বলেন, ‘তালেবান বর্বর। ওদের কার্যকলাপ নিন্দনীয়। কিন্তু যারা আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলকে সমর্থন করেন, তাদের মানসিকতাও কিছু ভিন্ন নয়।’ 

 এ প্রসঙ্গে মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক ও মুখপাত্র রাম কদম বলেছেন, ‘আরএসএস-সংশ্লিষ্ট রাজনীতিকরা সরকারে শীর্ষস্থানে রয়েছেন। এই নেতারা রাজধর্ম অনুসরণ করে দেশ চালাচ্ছেন। যদি তারা তালেবানদের মত হতেন  তাহলে কী জাভেদ আখতারকে এমন বক্তব্য দেওয়ার অনুমতি দেওয়া হতো? এই একটি উদাহরণ প্রমাণ করে যে তার বক্তব্য ভুল। কিন্তু এই ধরনের মন্তব্য করে তিনি দেশের দরিদ্র মানুষের জন্য কাজ করা আরএসএস কর্মীদের অনুভূতিতে আঘাত করেছেন। যদি তিনি তাদের কাছে ক্ষমা না চান, তাহলে আমরা তার চলচ্চিত্রগুলো এই দেশে চলতে দেবো না।’    

এদিকে, জাভেদ আখতারের মন্তব্যের প্রতিবাদে বিজেপি বিধায়ক রাম কদমের বাড়ির কাছে একটি কুশপুতল পোড়ানোর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে মুম্বাই পুলিশ। কুশপুতলে জাভেদ আখতারের ছবি লাগিয়ে পোড়ানোর কথা ছিল বলে মনে করা হচ্ছে। পরে পুলিশ ওই কুশপুতলটি বাজেয়াপ্ত করে। 

আশুতোষ জে দুবে নামে এক আইনজীবী সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অভিযোগের একটি অনুলিপি শেয়ার করে এক বার্তায় বলেন, ‘আমি আজ মুম্বই পুলিশে জাভেদ আখতারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। এই অভিযোগে আমি বলেছি যে লেখক ইচ্ছাকৃতভাবে আরএসএস, ভিএইচপি এবং বজরং দলকে অপমান  করেছেন। তিনি আরএসএস, ভিএইচপি (বিশ্বহিন্দু পরিষদ), এবং বজরং দলকে তালেবানের সঙ্গে তুলনা করেছেন। আমি জাভেদ আখতারের আবাসিক থানায় ওই অভিযোগ দায়ের করেছি।’ পুলিশকে ওই অভিযোগটিকে অবিলম্বে এফআইআরে রূপান্তর করতে বলেছেন আশুতোষ জে দুবে।       

গতকাল (শনিবার) বিজেপির যুব শাখা মহারাষ্ট্রের জুহুতে জাভেদ আখতারের বাসভবন পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল বের করে, জাভেদ আখতারের মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি জানায়। যুব শাখা’র এক বিক্ষোভকারী বলেন, আমরা মনে করি জাভেদ আখতার মানসিকভাবে স্থিতিশীল নন। এ দেশ তাকে সবকিছু দিয়েছে। আরএসএস তৃণমূল পর্যায়ে মানুষকে সাহায্য করে, আর তিনি তাদেরকে তালেবানের সাথে তুলনা করেছেন। এটা অগ্রহণযোগ্য। যদি তিনি ক্ষমা না চান, তাহলে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন আরও তীব্র হবে।#

পার্সটুডে/ এমএএইচ/বাবুল আখতার/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।