পশ্চিমবঙ্গে ৩ বিধানসভা কেন্দ্রের নির্বাচন শান্তিতে, বিজেপি’র অভিযোগ খারিজ করলেন ফিরহাদ হাকিম
https://parstoday.ir/bn/news/india-i98044-পশ্চিমবঙ্গে_৩_বিধানসভা_কেন্দ্রের_নির্বাচন_শান্তিতে_বিজেপি’র_অভিযোগ_খারিজ_করলেন_ফিরহাদ_হাকিম
ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতার ভবানীপুরে উপনির্বাচন এবং মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর ও সামসেরগঞ্জে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার) কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ৩টি কেন্দ্রেই মোটামুটি শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ৩০, ২০২১ ১৫:৩০ Asia/Dhaka
  • ফিরহাদ হাকিম
    ফিরহাদ হাকিম

ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতার ভবানীপুরে উপনির্বাচন এবং মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর ও সামসেরগঞ্জে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার) কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ৩টি কেন্দ্রেই মোটামুটি শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হচ্ছে।

রাজ্যে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের সময়ে জঙ্গিপুর কেন্দ্রে বাম প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত ছিল। এই কেন্দ্রে তৃণমূলের জাকির হোসেন, বিজেপি’র সুজিত দাস এবং আরএসপি প্রার্থী জানে আলম মিয়াঁর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।

সামসেরগঞ্জে বিধানসভা নির্বাচনের ঠিক আগে মৃত্যু হয় কংগ্রেস প্রার্থীর। এরফলে এই কেন্দ্রে নির্বাচন বন্ধ ছিল। সমশেরগঞ্জে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম, বিজেপি’র মিলন ঘোষ, কংগ্রেস প্রার্থী জাইদুর রহমান ও সিপিএম প্রার্থী মুদাসসার হোসেনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।

অন্যদিকে, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ভবানীপুরে প্রার্থী হয়েছিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি গত ২১ মে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। এজন্য ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই কেন্দ্রে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির প্রিয়ঙ্কা টিবরেওয়াল ও বামফ্রন্টের শ্রীজীব বিশ্বাসের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, আজ বিকেল ৩টে পর্যন্ত মুর্শিদাবাদের সামসেরগঞ্জে ৭২.৪৫ শতাংশ, জঙ্গিপুরে ৬৮.১৭ শতাংশ। আজ সন্ধ্যে ৫ টা পর্যন্ত কোলকাতার ভবানীপুরে ৫৩.৩২ শতাংশ ভোট পড়েছে। 

এদিকে, বিজেপি’র অভিযোগ, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভোটারদের প্রভাবিত করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায়। তাঁদের বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ করেছে বিজেপি।

এ প্রসঙ্গে রাজ্যের পরিবহণ মন্ত্রী ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন, ‘আমি কোনও বুথের সামনে ঢুকিনি, দাঁ#ড়াইনি। আমি বুথে কাউকে প্রভাবিত করিনি, আমি কোনও অনৈতিক কাজ করি না। এগুলো অর্জুনরা (অর্জুন সিং, বিজেপি নেতা) করেন। ওরা হল ডন, আমি দুর্বল লোক। আমি মানুষের জন্য কাজ করি, রাতে দৌড়াদৌড়ি করি। আমি মানুষের মধ্যে থাকি।’ অন্যদিকে, তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই খারিজ করেছে নির্বাচন কমিশন।#

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/৩০