পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতির কারণে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সোচ্চার মমতা
ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির কারণে কেন্দ্রীয় সরকার ও ‘ডিভিসি’র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ (শনিবার) হাওড়া ও হুগলির জেলার বিভিন্ন প্লাবিত এলাকা আকাশপথে পরির্দশন করে এসে রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য তিনি দামোদর ভ্যালি কর্পোরেশনের (ডিভিসি) বেহিসবি পানি ছাড়ার পদ্ধতিকে দায়ী করেন।
মুখ্যমন্ত্রী বলেন, ‘যেভাবে জল ছাড়া হয়েছে, তাকে ক্রাইম ছাড়া কিছু বলা যায় না। মুখ্যমন্ত্রী বলেন, ‘ আমরা ডুবিয়ে জমির ধান নষ্ট করার জন্য ডিভিসিকে বারবার এই কাজ করতে দেবো না। আমরা ডিভিসির কাজের ধিক্কার জানাচ্ছি! প্রধানমন্ত্রীকে আবেদন করব সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য। যাতে বারবার বাংলা বঞ্চিত না হয়। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলব, কথায় কথায় মানবাধিকার কমিশন রাজ্যে পাঠান। বাংলার ছোট ছোট নির্বাচনেও হাজার হাজার পুলিশ পাঠান। বিজেপির একেকজন চুনোপুঁটি ক্যাডারদেরও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ৩০/৪০ টা করে সিআরপিএফ দেন। অফিসারদের চমকান, ডেকে পাঠান। কিন্তু যখন ‘ডিভিসি’ জল ছেড়ে দেয়, যখন জলে বাংলা জলমগ্ন হয়ে পড়ে তখন আপনি একটা পয়সাও ছাড়েন না কেন? না দেন এনডিআরএফের টাকা, না দেন এসডিআরএফের টাকা। আমফান, ফনি, বুলবুল, ইয়াস দুর্যোগে কী টাকা দিয়েছেন? কিচ্ছু দেন না, মুখে বড় বড় কথা বলেন।’
এ প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, ‘মুখ্যমন্ত্রী বলছেন ‘ম্যানমেড ফ্লাড’। আমি বলছি, ‘সি মেড ফ্লাড’। আগাম সতর্কবার্তা থাকা সত্বেও, কোনও ব্যবস্থা নেয়নি। খালগুলো সংস্কার করা হয়নি। আগাম নিম্নচাপের সতর্কবার্তা দেওয়া হয়, সরকার সতর্ক ছিল না। অপরকে দোষারোপ করলেই চলবে না। অবিলম্বে সর্বদলীয় বৈঠক ডাকা উচিত বন্যা পরিস্থিতি নিয়ে। মুখ্যমন্ত্রীকে আবেদন, দয়া করে বন্যা নিয়ে ত্রাণ নিয়ে রাজনীতি করবেন না। মুখ্যমন্ত্রীর উদাসীনতার জন্য বন্যা পরিস্থিতি হয়েছে বলেও রাহুল সিনহা মন্তব্য করেন।#
পার্সটুডে/আবদুর রহমান খান/বাবুল আখতার/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।