চীনের নয়া সীমান্ত আইন নিয়ে নয়াদিল্লির উদ্বেগ
https://parstoday.ir/bn/news/india-i99242-চীনের_নয়া_সীমান্ত_আইন_নিয়ে_নয়াদিল্লির_উদ্বেগ
ভারত-চীন সীমান্ত সংঘাতের আবহে চীনের নয়া সীমান্ত আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণায়ের মুখপাত্র অরিন্দম বাগচি গতকাল (বুধবার) এক বিবৃতিতে বলেছেন, ‘নয়া আইন প্রণয়নের বিষয়ে চীনের একতরফা সিদ্ধান্ত বর্তমান দ্বিপক্ষীয় সীমান্ত ব্যবস্থাপনার উপরে প্রভাব ফেলতে পারে। সীমান্ত সংক্রান্ত বিষয়ে যা আমাদের উদ্বেগের কারণ।’
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ২৮, ২০২১ ১০:৫৮ Asia/Dhaka
  • চীনের নয়া সীমান্ত আইন নিয়ে নয়াদিল্লির উদ্বেগ

ভারত-চীন সীমান্ত সংঘাতের আবহে চীনের নয়া সীমান্ত আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণায়ের মুখপাত্র অরিন্দম বাগচি গতকাল (বুধবার) এক বিবৃতিতে বলেছেন, ‘নয়া আইন প্রণয়নের বিষয়ে চীনের একতরফা সিদ্ধান্ত বর্তমান দ্বিপক্ষীয় সীমান্ত ব্যবস্থাপনার উপরে প্রভাব ফেলতে পারে। সীমান্ত সংক্রান্ত বিষয়ে যা আমাদের উদ্বেগের কারণ।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নিয়ন্ত্রণরেখায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে চীনের সঙ্গে সহমতের ভিত্তিতে একাধিক দ্বিপক্ষীয় চুক্তি প্রোটোকল এবং ব্যবস্থাপনা হয়েছে। নয়াদিল্লির আশা, বেইজিংয়ের নয়া আইন প্রণয়নের একতরফা পদক্ষেপ সেগুলোর পরিপন্থী হয়ে উঠবে না। 

গত ২৩ অক্টোবর চীন আইন বদলে স্থলসীমান্তের নয়া সংশোধিত আইন পাস করিয়ে নিয়েছে। সেই আইন অনুযায়ী প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পাদিত বিভিন্ন সীমান্ত চুক্তিকে চীন মেনে চলবে কিন্তু নিজেদের অধীনে যে এলাকা আছে, সেগুলোকে রদবদল করার অধিকারও থাকবে। চীনের জেলা ও প্রদেশের সীমান্তবর্তী এলাকার পুনর্বিন্যাস ও সরকারিভাবে সংযোজন, বিয়োজন করার অধিকারও থাকবে। এ জন্য পাশের দেশগুলোর সঙ্গে কোনও আলোচনার প্রয়োজনই নেই।

সে দেশের সরকারি সংবাদ সংস্থা শিনহুয়া জানিয়েছে, চীনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার উদ্দেশ্যে আগামী ১ জানুয়ারি থেকে ওই নয়া আইন কার্যকর হবে। 

ভারতের উদ্বেগের কারণ, অরুণাচল, সিকিম, লাদাখ, উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকাজুড়ে সীমান্ত ও প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনের সঙ্গে বিরোধ চলছে। ভারতের সীমান্তবর্তী বিভিন্ন রাজ্যে চীনা সেনা যখন তখন ঢুকে পড়ার চেষ্টা করে। একাধিকবার ঢুকেও পড়েছে এবং এখনও লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখার বহু এলাকা থেকে চীন সেনা সরাতে চাচ্ছে না। সেই সমস্যা নিয়ে সেনাস্তরে বৈঠকও ব্যর্থ হয়েছে। 

রাজনাথ সিং

বিগত কয়েকমাসে কখনও অরুণাচল, কখনও উত্তরাখণ্ড, কখনও সিকিমে চীনের সেনা একনাগাড়ে দ্বিপক্ষীয় সমঝোতা লঙ্ঘন করেছে। সীমান্তে বিপুল সেনা মোতায়েন করার পাশাপাশি একনাগাড়ে ভারতীয় এলাকায় ঢুকে পড়ার ঘটনাও চলছে।     

বুধবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অবশ্য ইন্দো-প্যাসিফিক রিজিওনাল ডেভেলপমেন্ট সংক্রান্ত সম্মেলনে সরাসরি চীনের নাম উল্লেখ না করে সমুদ্ররুট এবং  জলবাণিজ্যে ভারতের সার্বভৌম অধিকার নিয়ে বেইজিংকে কড়া বার্তা দিয়েছেন। তিনি  বলেছেন, সমুদ্ররুটে সকলের সমান অধিকার। কোনও আগ্রাসন ভারত মানবে না। ভারত যেকোনও চ্যালেঞ্জেরই জবাব দেবে।#  

পার্সটুডে/এমএএইচ/এআর/২৮   

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।