আমি ধর্মনিরপেক্ষতা ও অভিন্ন ভারতে বিশ্বাস করি: মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি, অভিন্ন ভারতে বিশ্বাস করি। একটা সুযোগ তৃণমূল কংগ্রেসকে দিন। ‘টিএমসি’র অর্থ ‘টেম্পল-মস্ক- চার্চ’। নাগরিক সমাজ আমাদের দলে যোগ দিন। তিনি আজ (শুক্রবার) বিজেপিশাসিত গোয়ায় এক কর্মসূচিতে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
মমতা বলেন, ‘গোয়াতে নতুন সকাল আনতে হবে। আমিও গোয়ার সন্তান। আমাকে বিমানবন্দরে কালো পতাকা দেখানো হয়েছে, আমি নমস্তে বলেছি। তৃণমূল কখনও আপস করে না, আমাদের পার্টি বিক্রি হওয়ার নয়।’
মমতা বলেন, ‘আপনারা আমাদের বিশ্বাস করলে, আমরা লড়তে তৈরি আছি। বিজেপির বিরুদ্ধে লড়তে আমরা প্রস্তুত। গোয়ার সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় আমরা বদ্ধপরিকর। কোনওরকম বিভেদমূলক রাজনীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।’
তিনি বলেন, ‘দুর্গাপুজো, কালীপুজো হয়, ইফতারে যাই, চার্চে প্রার্থনায় যোগ দিই। সংখ্যালঘুদের আমরা ভরসা দিই, আমরা ভাগাভাগির রাজনীতি করি না। দেশকে আমরা ভাগ করতে চাই না।’
মমতা বিজেপি’র সমালোচনা করে বলেন, ‘ত্রিপুরাতে আমরা গেলে মারধর করা হচ্ছে। অসমে, উত্তর প্রদেশে আমার এমপিদের ঢুকতে দেওয়া হচ্ছে না। গোয়ায় আমার পোস্টার বিকৃত করে দেওয়া হয়েছে। এরকম করলে তো ওরা মুছে যাবে।’
‘তৃণমূল নারীদের ক্ষমতায়নে বিশ্বাস করে। তৃণমূলই একমাত্র সর্বভারতীয় দল যাদের সংসদে ৪১ শতাংশ নির্বাচিত নারী প্রতিনিধি আছে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এ প্রসঙ্গে বিজেপির পশ্চিমবঙ্গের সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘গোয়ায় ‘বিজেপি মুখ্যমন্ত্রী খুব ভালো কাজ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই করার ইচ্ছে হয়েছে উনি লড়াই করুন। কিন্তু আমি একই প্রশ্ন বারবার করতে চাই যে, পরিযায়ী শ্রমিক কেন কাজের খোঁজে গোয়াতে যান? গোয়া থেকে কোনও ব্যক্তি কেন কাজের খোঁজে পশ্চিমবঙ্গে আসেন না। এটা কী মুখ্যমন্ত্রীর ব্যর্থতা নয়?’#
পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।