অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন
'ত্রিপুরায় বিজেপি ও বিপ্লব দেবকে এক ছটাক জমিও ছাড়া হবে না'
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বিজেপি ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে টার্গেট করে বলেছেন, ত্রিপুরায় বিজেপি ও বিপ্লব দেবকে এক ছটাক জমিও ছাড়া হবে না। তিনি আজ (রোববার) ত্রিপুরায় দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
অভিষেক আজ বলেন, ‘আমি আপনাদের বলছি, এখানে সিপিএম, বিজেপি যা করেছে, সেই রাস্তায় তৃণমূল কংগ্রেস হাঁটবে না। তাহলে তো ত্রিপুরায় ‘আসল পরিবর্তন’ আসবে না। সঠিক পরিবর্তন হবে না। তাহলে সিপিএম, বিজেপি ও তৃণমূলের মধ্যে পার্থক্য কী? আগে ছিল ‘সিপিএমের হার্মাদ’, এখন একটা বসে আছে ‘বিজেপি’র উন্মাদ’! ২০২৩ সালে এদেরকে তৃণমূল করবে ‘বরবাদ’। এই দুটোকেই।’
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘২০২৩ সালে একবছর আগে থেকে আমি ঘরবাড়ি নিয়ে এখানেই বসে থাকব, আপনার ক্ষমতা থাকলে আটকে দেখান। শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে আমি ত্রিপুরার মানুষের জন্য লড়াই করব। এক ছটাক জমি ছাড়ব না। আপনারা নিশ্চিত থাকুন। এক ছটাক জমিও বিজেপি ও বিপ্লব দেবকে আমরা ছাড়ব না।’
অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে টার্গেট করে বলেন, ‘ত্রিপুরায় অভিষেক বন্দোপাধ্যায়কে যেকোনো ভাবে হোক আটকানোর চেষ্টা হচ্ছে কেন? এত ভয় কীসের? আপনারা সর্বভারতীয় রাজনৈতিক দল, এত অর্থবল, দুয়ারে গুণ্ডা, সাথে প্রশাসন, (তদন্ত সংস্থা) ‘ইডি’, ‘সিবিআই’, ‘সিআরপিএফ’, এজেন্সি, ইনকাম ট্যাক্স। আরেকদিকে, জোড়াফুলের একটা ঝাণ্ডা, আর মাথার উপরে হাওয়াই চপ্পল পরা এক মহিলা (তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছে! এত ভয় কীসের?’ ত্রিপুরার বিজেপি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে কটাক্ষ করে তাঁকে ‘বিগ ফ্লপ দেব’ বলে মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ত্রিপুরায় আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যটিতে নির্বাচনী লড়াইয়ে এখন থেকেই সেখানে কার্যত তেড়েফুঁড়ে মাঠে নেমেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, ত্রিপুরায় ক্ষমতাসীন বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃনমূলকে আটকাতে নানাভাবে চেষ্টা চালাচ্ছে।#
পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।