স্বাধীনতা আন্দোলনে জিন্নাহ’র নাম উল্লেখ করায় অখিলেশকে ক্ষমা চাইতে বললেন আদিত্যনাথ
https://parstoday.ir/bn/news/india-i99470-স্বাধীনতা_আন্দোলনে_জিন্নাহ’র_নাম_উল্লেখ_করায়_অখিলেশকে_ক্ষমা_চাইতে_বললেন_আদিত্যনাথ
ভারতের উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব গত (রোববার) এক জনসভায় মুহাম্মাদ আলী জিন্নাহকে সর্দার প্যাটেল ও গান্ধিজীর মতো স্বাধীনতার নায়ক হিসেবে আখ্যায়িত করায় বিতর্ক সৃষ্টি হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ তাঁর বক্তব্যকে 'লজ্জাজনক' এবং 'তালেবানি মানসিকতা' বলে অভিহিত করেছেন। এর পাশাপাশি অখিলেশ যাদবকে ক্ষমা চাওয়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০২, ২০২১ ১২:৫২ Asia/Dhaka
  • স্বাধীনতা আন্দোলনে জিন্নাহ’র নাম উল্লেখ করায় অখিলেশকে ক্ষমা চাইতে বললেন আদিত্যনাথ

ভারতের উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব গত (রোববার) এক জনসভায় মুহাম্মাদ আলী জিন্নাহকে সর্দার প্যাটেল ও গান্ধিজীর মতো স্বাধীনতার নায়ক হিসেবে আখ্যায়িত করায় বিতর্ক সৃষ্টি হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ তাঁর বক্তব্যকে 'লজ্জাজনক' এবং 'তালেবানি মানসিকতা' বলে অভিহিত করেছেন। এর পাশাপাশি অখিলেশ যাদবকে ক্ষমা চাওয়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ।

অখিলেশ যাদব বলেছেন, সর্দার প্যাটেলজি, জাতির জনক মহাত্মা গান্ধি, জওহরলাল নেহরু এবং মুহাম্মাদ আলী জিন্নাহ একই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছিলেন এবং ব্যারিস্টার হয়ে এসেছিলেন। তাঁরা একই জায়গায় লেখাপড়া করেছেন। তাঁরা ব্যারিস্টার হয়ে দেশকে স্বাধীনতা দিয়েছেন। কোনোভাবে সংগ্রাম করতে হলে পিছপা হননি।  

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ বলেন, 'সমাজবাদী পার্টির প্রধান জিন্নাহ ও সর্দার প্যাটেলের তুলনা করেছেন। এটা লজ্জাজনক! এটা তালিবানের মানসিকতা যারা বিভাজনে বিশ্বাসী। অখিলেশের উচিত তাঁর বক্তব্যের জন্য ক্ষমা চাওয়া।

অখিলেশের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা ও রাজ্যসভার এমপি রাকেশ সিনহাও। তিনি বলেন, 'মনে হচ্ছে উত্তর প্রদেশে নির্বাচনের পরে অখিলেশ যাদব পাকিস্তানে আশ্রয় নিতে চলেছেন। ইতিহাসের অপরাধীর মতো বলছেন অখিলেশ যাদব। উনি ভারতের ইতিহাসের বই পড়েছেন, না কী পাকিস্তানের ইতিহাস পড়ে এমন বক্তব্য দিচ্ছেন?  

রাকেশ সিনহা বলেন, অখিলেশ যাদব এমন বক্তব্য দিয়ে উত্তর প্রদেশের মুসলিমদের আকৃষ্ট করতে চাচ্ছেন। তিনি বলেন, জিন্নাহর সঙ্গে ভারতের মুসলিমদের কোনো সম্পর্ক নেই এবং এ ধরনের বক্তব্য ভারতের মুসলিমদের অপমান। 'অখিলেশ যাদব মহম্মদ আলি জিন্নাহকে মহিমান্বিত করছেন। তিনি ধরে নিচ্ছেন যে উত্তর প্রদেশ ও ভারতের মুসলিমরা খুশি হবে, কিন্তু তা হচ্ছে না।   

অন্যদিকে, অখিলেশের বক্তব্যকে সমাজবাদী পার্টি-বিজেপির ‘যোগসাজশ’ বলে অভিহিত করেছেন বিএসপি প্রধান মায়াবতী। তিনি বলেন, সমাজবাদী পার্টির প্রধান জিন্নাহ সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন এবং তা নিয়ে বিজেপির প্রতিক্রিয়া এই দুই দলের অভ্যন্তরীণ যোগসাজশের অংশ এবং তাদের  সুচিন্তিত কৌশল যাতে রাজ্যে সাধারণ নির্বাচনের পরিবেশকে যে কোনো উপায়ে হিন্দু-মুসলিম বিভাজন করে নষ্ট করা যায়।  

সমাজবাদী পার্টি ও বিজেপির রাজনীতি একে অপরের পরিপূরক। এই দুই দল জাতিগত ও সাম্প্রদায়িক হওয়ার কারণে তাদের অস্তিত্ব একে অপরের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। সেজন্য সমাজবাদী পার্টি যখন ক্ষমতায় থাকে, তখন বিজেপি শক্তিশালী হয়, যখন বিএসপি ক্ষমতায় থাকে, বিজেপি দুর্বল হয় বলেও মন্তব্য করেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও বিএসপি প্রধান মায়াবতী।#

পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/২   

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।