হরিয়ানায় বিজেপি এমপি’র গাড়িতে ভাঙচুর করলেন প্রতিবাদী কৃষকরা
https://parstoday.ir/bn/news/india-i99610-হরিয়ানায়_বিজেপি_এমপি’র_গাড়িতে_ভাঙচুর_করলেন_প্রতিবাদী_কৃষকরা
ভারতের বিজেপিশাসিত হরিয়ানায় বিজেপি এমপি রামচন্দ্র জাংরার গাড়িতে ভাঙচুর করেছেন আন্দোলনরত কৃষকরা। আজ (শুক্রবার) কৃষকদের তীব্র প্রতিবাদের মুখে পড়তে হয়েছে বিজেপির রাজ্যসভার সংসদ সদস্য রামচন্দ্র জাংরাকে। 
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ০৫, ২০২১ ১৫:০৯ Asia/Dhaka
  • বিজেপি এমপি রামচন্দ্র জাংরার গাড়িতে ভাঙচুর
    বিজেপি এমপি রামচন্দ্র জাংরার গাড়িতে ভাঙচুর

ভারতের বিজেপিশাসিত হরিয়ানায় বিজেপি এমপি রামচন্দ্র জাংরার গাড়িতে ভাঙচুর করেছেন আন্দোলনরত কৃষকরা। আজ (শুক্রবার) কৃষকদের তীব্র প্রতিবাদের মুখে পড়তে হয়েছে বিজেপির রাজ্যসভার সংসদ সদস্য রামচন্দ্র জাংরাকে। 

কৃষকদের একটি দল হরিয়ানার হিসার জেলায় ওই বিজেপি এমপিকে কালো পতাকা দেখানোর পাশাপাশি তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরণের স্লোগান দিয়েছেন। রামচন্দ্র জাংরা একটি ধর্মশালা উদ্বোধন করতে এসেছিলেন। কৃষকরা বিষয়টি জানতে পেরে সেখানে পৌঁছে বিজেপি এমপি’র বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এ সময় কৃষক ও পুলিশের মধ্যে সংঘর্ষে বিজেপি এমপির গাড়ির কাঁচও ভেঙে যায়। প্রতিবাদী কৃষকরা ওই এমপির গাড়ির কাঁচ ভেঙে ফেলেন।      

ওই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় ভারী পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পুলিশ ও কৃষকদের মধ্যে কয়েকবার মৃদু সংঘর্ষও হয়েছে। কৃষকদের থামাতে পুলিশ চারিদিকে ব্যারিকেড দিয়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিল। কিন্তু কৃষকের সংখ্যা বেশি হওয়ায় পুলিশ তাদের নিয়ন্ত্রণ করতে পারেনি। অনেক চেষ্টার পর অবশেষে কৃষকরা নিজেদের প্যান্ডেলে পৌঁছে সরকার ও প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেয়। একদিকে এমপির পক্ষে জিন্দাবাদ স্লোগান ওঠে। অন্যদিকে, কৃষকরা তাঁর বিরুদ্ধে মুর্দাবাদ স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময়ে ক্ষুব্ধ কৃষকরা ওই বিজেপি এমপি’র গাড়ির কাঁচও ভেঙে ফেলেন। যারা তার সঙ্গে এমন আচরণ করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আক্রান্ত সাংসদ। ওই ঘটনায় কয়েকজন কৃষককে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার রোহতকে একটি কর্মসূচি চলাকালীন একইরকম প্রতিবাদের মুখোমুখি হতে হয়েছিল বিজেপি এমপিকে। ওই কর্মসূচিতে এমপি’র বক্তব্য নিয়ে তোলপাড় চলছে। কৃষকদের ‘বেকার মাতাল’ বলে অভিহিত করে তিনি জোর দিয়েছিলেন যে কৃষি আইন নিয়ে প্রতিবাদকারীদের কেউই কৃষক নয়। এরপরেই কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকরা তাঁর বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভে সোচ্চার হয়েছেন।#         

পার্সটুডে/এমএএইচ/এআর/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।