ছত্তিশগড়ে সহকর্মীর গুলিতে নিহত সিআরপিএফ-এর ৪ জওয়ান, আহত ৩
https://parstoday.ir/bn/news/india-i99750-ছত্তিশগড়ে_সহকর্মীর_গুলিতে_নিহত_সিআরপিএফ_এর_৪_জওয়ান_আহত_৩
ভারতের ছত্তিশগড়ে সহকর্মীর এলোপাথাড়ি গুলিবর্ষণের ফলে আধাসামরিক বাহিনী ‘সিআরপিএফ’-এর ৪ জওয়ান নিহত এবং অন্য ৩ জওয়ান আহত হয়েছেন।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
নভেম্বর ০৮, ২০২১ ১৯:৩১ Asia/Dhaka
  • ছত্তিশগড়ে সহকর্মীর গুলিতে নিহত সিআরপিএফ-এর ৪ জওয়ান
    ছত্তিশগড়ে সহকর্মীর গুলিতে নিহত সিআরপিএফ-এর ৪ জওয়ান

ভারতের ছত্তিশগড়ে সহকর্মীর এলোপাথাড়ি গুলিবর্ষণের ফলে আধাসামরিক বাহিনী ‘সিআরপিএফ’-এর ৪ জওয়ান নিহত এবং অন্য ৩ জওয়ান আহত হয়েছেন।

আজ  (সোমবার) ছত্তিশগড়ের সুকমায় সিআরপিএফের একটি ক্যাম্পের ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহতদের  চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।     

ওই ঘটনায় ঘটনাস্থলেই রাজীব মণ্ডল, ধনজি, রাজমণি কুমার যাদব এবং ধর্মেন্দ্র কুমার নামে চার জওয়ানের মৃত্যু হয়েছে। এছাড়া ধনঞ্জয় কুমার সিং, ধর্মাত্মা কুমার এবং মলয় রঞ্জন মহারানা নামের তিন জওয়ান গুরুতর আহত হয়েছেন।      

মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ৪ জওয়ানের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে তিনি পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী নিহত জওয়ানদের পরিবারের  প্রতি সমবেদনা জানিয়েছেন। ওই  ঘটনায় আহত  জওয়ানদের উন্নত চিকিৎসার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।   

রাজ্যের বস্তার অঞ্চলের পুলিশ মহাপরিদর্শক সুন্দররাজ পি বলেন,পুলিশ তথ্য পেয়েছে যে আজ ভোর ৩ টা ১৫ নাগাদ রিতেশ রঞ্জন  নামে এক জওয়ান সহকর্মীদের সঙ্গে বিবাদের পরে তার একে-৪৭ রাইফেল দিয়ে অন্য জওয়ানদের উপরে গুলি চালায়।  তিনি বলেন, ঘটনার খবর পেয়ে কর্মকর্তারা সেখানে পৌঁছেছেন।  

কর্মকর্তা ও জওয়ানরা অভিযুক্ত জওয়ানকে ধরে ফেলে এবং আহত জওয়ানদের তেলেঙ্গানার ভদ্রাচলম জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা চার জওয়ানকে মৃত ঘোষণা করেন এবং আহত তিন জওয়ানের চিকিৎসা চলছে। পুলিশের এক কর্মকর্তা বলেন,  অভিযুক্ত জওয়ানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদের পর ঘটনার কারণ প্রকৃত সম্পর্কে তথ্য পাওয়া যাবে। #

পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/০৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।