ইরানকে ক্ষতিপূরণ দিতে পাশ্চাত্যকে বাধ্য থাকতে হবে: উপ পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i100586-ইরানকে_ক্ষতিপূরণ_দিতে_পাশ্চাত্যকে_বাধ্য_থাকতে_হবে_উপ_পররাষ্ট্রমন্ত্রী
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি-কানি বলেছেন, তার দেশের পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী সব পক্ষকে এই সমঝোতা মেনে চলতে হবে। পাশাপাশি এটি লঙ্ঘনের জন্য ইরানকে ক্ষতিপূরণ দিতে পাশ্চাত্যকে বাধ্য থাকতে হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৯, ২০২১ ০৩:৪৪ Asia/Dhaka
  • ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি-কানি
    ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি-কানি

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি-কানি বলেছেন, তার দেশের পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী সব পক্ষকে এই সমঝোতা মেনে চলতে হবে। পাশাপাশি এটি লঙ্ঘনের জন্য ইরানকে ক্ষতিপূরণ দিতে পাশ্চাত্যকে বাধ্য থাকতে হবে।

তিনি লন্ডন থেকে প্রকাশিত দৈনিক ফিনান্সিয়াল টাইমসে প্রকাশিত এক নিবন্ধে এ মন্তব্য করেন। বাকেরি-কানি বলেন, ইরান যেমন পরমাণু সমঝোতায় জড়িত পক্ষগুলোর যেকোনো ইতিবাচক পদক্ষেপে সহযোগিতা করতে প্রস্তুত তেমনি যেকোনো আন্তর্জাতিক চাপেরও উপযুক্ত জবাব দেয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন আজ (২৯ নভেম্বর) আরো পরে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা শুরু হতে যাচ্ছে তখন বাকেরি-কানির এ নিবন্ধ প্রকাশিত হলো। তিনি এ আলোচনায় ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

ইরানের প্রধান পরমাণু আলোচক তার নিবন্ধে আরো লিখেছেন, পশ্চিমা দেশগুলো বিশেষ করে আমেরিকা একথা বোঝানোর চেষ্টা করছে যে, শুধুমাত্র ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরার জন্য ভিয়েনা সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। অথচ ইরানের দৃষ্টিতে এ সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে সকল পক্ষকে পরমাণু সমঝোতার ধারাগুলো বাস্তবায়নে বাধ্য করার জন্য। আমেরিকাকে বিনা বাক্যব্যয়ে এই সমঝোতায় ফিরে এসে তেহরানের ওপর আরোপিত সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।#

পার্সটুডে/এমএমআই/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।