'ভিয়েনা চুক্তি সম্পর্কে রাই আল-ইয়াউমের খবর সঠিক নয়'
https://parstoday.ir/bn/news/iran-i102320-'ভিয়েনা_চুক্তি_সম্পর্কে_রাই_আল_ইয়াউমের_খবর_সঠিক_নয়'
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে সমঝোতা পুনর্বহাল ইস্যুতে দুই বছরের জন্য একটি চুক্তি হয়েছে বলে ব্রিটেন থেকে প্রকাশিত দৈনিক রাই আল-ইয়াউম যে খবর দিয়েছে তাকে অসত্য বলে উড়িয়ে দিয়েছেন ইরানের একটি নির্ভরযোগ্য সূত্র।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১০, ২০২২ ১০:২১ Asia/Dhaka
  • ভিয়েনা সংলাপ
    ভিয়েনা সংলাপ

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে সমঝোতা পুনর্বহাল ইস্যুতে দুই বছরের জন্য একটি চুক্তি হয়েছে বলে ব্রিটেন থেকে প্রকাশিত দৈনিক রাই আল-ইয়াউম যে খবর দিয়েছে তাকে অসত্য বলে উড়িয়ে দিয়েছেন ইরানের একটি নির্ভরযোগ্য সূত্র।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে বলেছেন, ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে দুই পক্ষের মধ্যে দুই বছরের জন্য যে চুক্তির খবর দিয়েছে ব্রিটেন থেকে প্রকাশিত পত্রিকা তা অসত্য এবং ভুয়া।

সূত্রটি বলেছেন, এই ধরনের খবর প্রকাশ করে পত্রিকাটি তার ভিন্ন কোনো লক্ষ্য অর্জন করতে চাইছে অথবা পরমাণু আলোচনার বিরোধী কোনো পক্ষ যারা ভিয়েনা সংলাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে চায় তারাই পত্রিকাটিকে এই ধরণের অসত্য তথ্য সরবরাহ করে থাকতে পারে।

আলী বাকেরি কানি

রাই আল-ইয়াউম দাবি করেছে যে, ইরানের সঙ্গে পাঁচ জাতিগোষ্ঠীর দুই বছরের জন্য চুক্তি হয়েছে। চুক্তি অনুসারে ডোনাল্ড ট্রাম্পের আমলে তেহরানের ওপর যে সমস্ত নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল, আমেরিকা তা সব প্রত্যাহার করে নেবে। অন্যদিকে, আমেরিকা চুক্তি লঙ্ঘনের পর থেকে ইরান যে সমস্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে সেগুলো রাশিয়ার কাছে পাঠাবে এবং আমেরিকা যদি আবারো এই চুক্তি থেকে বেরিয়ে যায় তাহলে ইরান রাশিয়া থেকে তার সমৃদ্ধ ইউরেনিয়াম ফেরত নেবে এবং আবারো তার পরমাণু কর্মসূচি জোরদার করতে পারবে।

পত্রিকাটি আরো দাবি করেছে, দক্ষিণ কোরিয়ায় আটক ইরানি সম্পদ ছাড়ের ব্যাপারে সিউলের যে প্রতিনিধি দল ভিয়েনায় ইরানি প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি কানির সঙ্গে আলোচনা করেছে তা মূলত আমেরিকার পক্ষ থেকে চুক্তির ব্যাপারে সদিচ্ছার নজির হিসেবে হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।