ওআইসি মহাসচিবের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
'ইরান-সৌদি সহযোগিতা মধ্যপ্রাচ্যের বিরাজমান সমস্যা সমাধান করতে পারে'
-
ওআইসি মহাসচিব ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ এবং সৌদি আরবের সহযোগিতার মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিরাজমান সমস্যার সমাধান করা সম্ভব। ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসির মহাসচিব হিসেইন ইব্রাহিম ত্বহার সঙ্গে গতকাল বৃহস্পতিবার রাতে ফোনালাপে একথা বলেন আমির আব্দুল্লাহিয়ান।
ফোনালাপে তারা মুসলিম বিশ্বের বিভিন্ন ইস্যু, ওআইসির সঙ্গে ইরানের সহযোগিতা, ওআইসিতে আবার ইরানের মিশন খোলা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘটনাবলী নিয়ে আলোচনা করেন।
ফোনালাপে আমির আব্দুল্লাহিয়ান বলেন, ইরান এবং সৌদি আরব হচ্ছে মধ্যপ্রাচ্য এবং মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ দুটি দেশ। মুসলিম বিশ্বের সমস্যা সমাধানে এই দুটি দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি আশা করেন, সামনের দিনগুলোতে ইরান এবং সৌদি আরবের সহযোগিতাপূর্ণ সম্পর্ক মুসলিম উম্মাহর বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা পালন করবে।
সৌদি আরবের জেদ্দা নগরীতে ওআইসির সদর দপ্তরে নতুন করে ইরানি মিশন চালু করার ব্যাপারে সহযোগিতা করার জন্য ওআইসি মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।
ফোনালাপে ইব্রাহিম ত্বহা ওআইসিতে ইরানের নতুন করে মিশন চালু করার পদক্ষেপকে স্বাগত জানান এবং এই সংস্থায় ইরান সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশা করেন। ওআইসির প্রতিষ্ঠাতা সদস্য দেশ হিসেবে ইরানের কার্যকর ও সক্রিয় ভূমিকা পালনের প্রশংসা করেন তিনি।
ওআইসি মহাসচিব বলেন, সদস্য দেশগুলোর সক্রিয় সহযোগিতা ছাড়া এই সংস্থা মুসলিম বিশ্বের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন করতে পারবে না।#
পার্সটুডে/এসআইবি/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।