ভিয়েনা সংলাপ গুরুত্বপূর্ণ পর্যায়ে এসেছে ইরানের পদক্ষেপের কারণে
https://parstoday.ir/bn/news/iran-i103880-ভিয়েনা_সংলাপ_গুরুত্বপূর্ণ_পর্যায়ে_এসেছে_ইরানের_পদক্ষেপের_কারণে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, পরমাণু সমঝোতা পুনর্বহাল ও মার্কিন অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় তেহরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে যে সংলাপ চলছে তা গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে এবং তেহরানের ভূমিকার কারণে সেটি সম্ভব হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৫, ২০২২ ১৩:৫৪ Asia/Dhaka
  • লিজ ট্রাস ও আমির আবদুল্লাহিয়ান
    লিজ ট্রাস ও আমির আবদুল্লাহিয়ান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, পরমাণু সমঝোতা পুনর্বহাল ও মার্কিন অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় তেহরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে যে সংলাপ চলছে তা গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে এবং তেহরানের ভূমিকার কারণে সেটি সম্ভব হয়েছে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে এক ফোনালাপে তিনি এসব কথা বলেছেন। আমির আবদুল্লাহিয়ান বলেন, সংলাপে অংশ নেয়া অন্য দেশগুলোরও উচিত ঐকান্তিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে আলোচনা এগিয়ে নেয়া যাতে প্রত্যাশিত ফলাফল বেরিয়ে আসে।

তিনি আরো বলেন, সব পক্ষকে একটি চুক্তির বিষয়ে ঐক্যবদ্ধ অবস্থানে আসতে হবে যাতে  ইরানের বৈধ ও যৌক্তিক দাবিগুলো বিবেচনায় নেয়া হবে।

 এ ফোনালাপে আমির আবদুল্লাহিয়ান ও লিজ ট্রাস ইরান এবং ব্রিটেনের দ্বিপক্ষীয় স্বার্থ নিয়েও কথা বলেন। তেহরান ও লন্ডনের মধ্যে বর্তমানে সম্পর্কের যে ধরণ তা ইতিবাচক বলে মন্তব্য করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, তেহরান-লন্ডন বর্তমান সম্পর্ক দু দেশের স্বার্থই রক্ষা করবে। তিনি আশা করেন, ইসলামি বিপ্লবের আগে ব্রিটেনের কাছ থেকে ইরান ট্যাংক কেনার জন্য যে ৪০ কোটি পাউন্ড বা ৫৪ কোটি ২০ লাখ ডলার পরিশোধ করেছিল সেই অর্থ শিগগিরি ফেরত দেয়া সম্ভব হবে।#   

পার্সটুডে/এসআইবি/১৫