বিশ্ব কুদস দিবস:
বিশ্ব কুদস দিবসের মিছিলে কর্মকর্তাসহ ইরানি জনগণের স্বতস্ফূর্ত উপস্থিতি
সমগ্র ইরানজুড়ে অনুষ্ঠিত হলো বিশ্ব কুদস দিবসের মিছিল। মিছিলে কর্মকর্তাদের সঙ্গে যোগ দেয় ইরানের সর্বস্তরের জনগণ। তেহরানের রোজাদার জনগণ আজ বিশ্ব কুদস দিবসের মিছিলে ফিলিস্তিনি জনগণের প্রতি যথারীতি তাদের সমর্থন ঘোষণা করে। মিছিল চলাকালে তারা ইহুদিবাদী ইসরাইলের অপরাধ মোকাবেলার আহ্বান জানিয়ে একটি দীর্ঘ পিটিশনে স্বাক্ষর করে।
প্রতি বছর রমজানের শেষ শুক্রবার বিশ্বব্যাপী কুদস দিবস পালিত হয়। ইরানের ইসলামি বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনি ওই কুদস দিবস পালনের আহ্বান জানান।
ফিলিস্তিনের মৌলিক সমস্যা বিশ্বব্যাপী তুলে ধরে তাদের প্রতি সংহতি প্রকাশ করা এবং কুদস শরিফকে দখলদারদের কবল থেকে মুক্ত করার পাশাপাশি শক্তিশালী মুসলিম ঐক্য গড়ে তোলাই ছিল কুদস দিবস পালনের উদ্দেশ্য।
ইরানে অনুষ্ঠিত আজকের কুদস মিছিলের রূপ ছিল একেবারেই ভিন্ন রকমের। করোনার কারণে বিগত দুই বছর কুদস দিবসের মিছিল অনুষ্ঠিত হয়েছেল গাড়ির মাধ্যমে। এ বছর জনগণের স্বতস্ফূর্ত উপস্থিতিতে সমগ্র ইরানজুড়ে অনুষ্ঠিত হয় কুদস দিবসের মিছিল।
কেবল ইরানেই নয় ফিলিস্তিনি জনগণের সমর্থনে সারা বিশ্বের আনাচে কানাচে অনুষ্ঠিত হয়েছে কুদস দিবসের মিছিল। তেহরানের ইহুদি স্বদেশীরাও প্যালেস্টাইন স্ট্রিটের সিল্ক সিনাগগের সামনে কুদস দিবসের মিছিলে যোগ দিয়েছে।
ইরানের পার্লামেন্টে ইহুদি প্রতিনিধি সামে ইয়াহ নাজাফাবাদী বলেছেন: কুদস দিবস হলো বিশ্বের সকল গণতন্ত্রকামী মানুষের সহানুভূতির দিন। ইরনা'কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই দিবসের গুরুত্ব সম্পর্কে আরও বলেন, কুদস দিবস কেবল বিশ্ব মুসলমানেরই নয় বরং ইসরাইলের মোকাবেলায় বিক্ষুব্ধ এবং ফিলিস্তিনের মুক্তিকামী বিশ্বের সকল জাগ্রত বিবেকের অধিকারী মানুষের।
নাজাফাবাদী আরও বলেন: কুদস হল ফিলিস্তিনের নিপীড়িত জনগণের সাথে সংহতি প্রকাশের দিন, ফিলিস্তিনের দুর্দশাগ্রস্ত জনগণকে উত্সাহিত করার দিন। মিছিলকারীরা ইনস্টাগ্রাম থেকে শহীদ কাসেম সোলেইমানির ছবি মুছে ফেলার ঘটনারও প্রতীকি বিরোধিতা করে। তারা কাসেম সোলাইমানি হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার ব্যাপারে ইরানের সর্বোচ্চ নেতার বার্তাও প্রতীকি মোবাইলের মাধ্যমে তুলে ধরে।#
পার্সটুডে/এনএম/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।