ইউক্রেনকে যে চ্যালেঞ্জ জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান
https://parstoday.ir/bn/news/iran-i114722-ইউক্রেনকে_যে_চ্যালেঞ্জ_জানালেন_ইরানের_পররাষ্ট্রমন্ত্রী_আব্দুল্লাহিয়ান
ইরান আবার ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়াকে কমব্যাট ড্রোন সরবরাহের অভিযোগ নাকচ করে দিয়েছে। তেহরান বলেছে, কিয়েভের কাছে এ সংক্রান্ত কোনো প্রমাণ থাকলে তা যেন সে সরবরাহ করে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
অক্টোবর ২০, ২০২২ ০৭:১১ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান

ইরান আবার ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়াকে কমব্যাট ড্রোন সরবরাহের অভিযোগ নাকচ করে দিয়েছে। তেহরান বলেছে, কিয়েভের কাছে এ সংক্রান্ত কোনো প্রমাণ থাকলে তা যেন সে সরবরাহ করে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বুধবার ক্রোয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী গর্ডান গার্লিক র‍্যাডম্যানের সঙ্গে এক টেলিফোনালাপে ইউক্রেনের প্রতি ওই চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন ব্যবহার সংক্রান্ত যেকোনো প্রমাণ তুলে ধরার জন্য আমরা কিয়েভের প্রতি আহ্বান জানিয়েছি।

ইউক্রেনে ও আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো দাবি করছে, ইউক্রেনে হামলা চালানোর জন্য রাশিয়ার হাতে অন্যান্য সমরাস্ত্রের সঙ্গে কমব্যাট ড্রোন তুলে দিয়েছে ইরান।দৃশ্যত ওই বিষয়ে কথা বলার জন্য বিশেষ করে তেহরানকে মস্কোর হাতে আর ড্রোন তুলে না দিতে অনুরোধ করার জন্য ক্রোয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী তার ইরানি সমকক্ষকে টেলিফোন করেন।

ক্রোয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী গর্ডান গার্লিক র‍্যাডম্যান - ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান

এ সময় আব্দুল্লাহিয়ান আরো বলেন, “আমরা যুদ্ধের যেকোনো পক্ষের কাছে যেকোনা ধরনের সমরাস্ত্র তুলে দেয়ার বিরোধিতা করে এসেছি।”

এ সময় মস্কোর সঙ্গে তেহরানের বহু বছরের সামরিক সহযোগিতার কথা স্বীকার করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তবে তিনি একথাও বলেন, ইরান শুরু থেকে রাশিয়ার ইউক্রেন অভিযানের বিরোধিতা করে এসেছে এবং মস্কোকে কোনো অস্ত্র সরবরাহ করতে অস্বীকৃতি জানিয়েছে।

এর আগে মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানিও ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন সরবরাহের অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে নাকচ করে দিয়েছিলেন।#

পার্সটুডে/এমএমআই/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।