ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানালেন মুখপাত্র
ইরান-বিরোধী প্রচারণা যুদ্ধ চালানোর কথা স্বীকার করেছে ব্রিটেন: ইরান
-
নাসের কানয়ানি
ইরানে সহিংসতা ও নৈরাজ্য উস্কে দেয়ার কাজে নিয়োজিত লন্ডন-ভিত্তিক টিভি চ্যানেলগুলোর পক্ষ নিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি যে বক্তব্য দিয়েছেন তার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, ব্রিটিশ মন্ত্রী মিথ্যা স্লোগান দিয়ে আনুষ্ঠানিকভাবে ইরানের বিরুদ্ধে প্রচারণা যুদ্ধ চালানোর বিষয়টি স্বীকার করে নিয়েছেন।
লন্ডন থেকে সৌদি টাকায় ফার্সি ভাষায় সম্প্রচারিত ‘ইরান ইন্টারন্যাশনাল’ চ্যানেলের অফিসে সম্প্রতি সশস্ত্র গার্ড নিয়োগ দিয়েছে ব্রিটিশ পুলিশ। ইরানের পক্ষ থেকে কথিত হুমকি মোকাবিলার লক্ষ্যে ওই নিরাপত্তা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ব্রিটিশ পুলিশ দাবি করেছে।
এ সম্পর্কে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সৌদি-মালিকানাধীন আশ-শারকুল আওসাত পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানে যা ঘটছে সে সম্পর্কে ‘স্বাধীন ও সৎভাবে’ যাতে মানুষ তাদের বক্তব্য তুলে ধরতে পারে সে ব্যবস্থা করা খুবই জরুরি।
ব্রিটিশ মন্ত্রীর ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় কানয়ানি বুধবার এক টুইটার বার্তায় লিখেছেন, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এমন একটি টিভি চ্যানেলের পক্ষে কথা বলেছেন যেটি স্বাধীনভাবে ইরানের জনগণ ও জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্য উস্কে দিচ্ছে।
ব্রিটিশ মন্ত্রী ‘স্বাধীন ও সৎ’ সাংবাদিকতার ধুয়া তুলে মূলত ইরান-বিরোধী ‘ওয়ার রুম’ স্থাপনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নিয়েছেন। নাসের কানয়ানি বলেন, লন্ডন যে চ্যানেলটিকে সম্প্রচার সত্ত্ব দিয়েছে সেটি মূলত ইরানে সন্ত্রাসবাদ ও সহিংসতা ছড়িয়ে দেয়ার কাজ করে যাচ্ছে।#
পার্সটুডে/এমএমআই/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।