জিসিসি'র বিবৃতি ইরানভীতি ছড়ানোর ব্যর্থ নীতির পুনরাবৃত্তি: তেহরান
https://parstoday.ir/bn/news/iran-i117068-জিসিসি'র_বিবৃতি_ইরানভীতি_ছড়ানোর_ব্যর্থ_নীতির_পুনরাবৃত্তি_তেহরান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ এবং চীন যৌথভাবে সম্প্রতি যে বিবৃতি প্রকাশ করেছে তা জিসিসি’র ইরান ভিত্তি ছড়ানোর ব্যর্থ নীতির পুনরাবৃত্তি। নাসের কানয়ানি এই বিবৃতির নিন্দা জানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১১, ২০২২ ০৮:০৪ Asia/Dhaka
  • ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি
    ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ এবং চীন যৌথভাবে সম্প্রতি যে বিবৃতি প্রকাশ করেছে তা জিসিসি’র ইরান ভিত্তি ছড়ানোর ব্যর্থ নীতির পুনরাবৃত্তি। নাসের কানয়ানি এই বিবৃতির নিন্দা জানান।

গত শুক্রবার সৌদি আরবের রাজধানী রিয়াদে জিসিসি'র ৪৩তম সম্মেলন শেষে একটি বিবৃতি প্রকাশ করা হয়। কাকতালীয়ভাবে এই সম্মেলন অনুষ্ঠানের সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সরকারি সফর অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে জিনপিং নিজেও অংশ নিয়েছেন। সম্মেলনের পর একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয় যাতে পারস্য উপসাগরে অবস্থিত ইরানের তিনটি দ্বীপের ওপর সংযুক্ত আরব আমিরাতের সার্বভৌমত্ব দাবি করা হয়।

বিবৃতি প্রসঙ্গে গতকাল নাসের কানয়ানি বলেন, এই সংস্থার সদস্য দেশগুলো আঞ্চলিক বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রযুক্তিগত যে সমর্থন দিয়ে আসছে তা আড়াল করার জন্য এই ব্যর্থ প্রচেষ্টা চালিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন যে, জিসিসিভুক্ত সদস্য দেশগুলোর ধ্বংসাত্মক নীতির কারণে এই অঞ্চলের মানুষকে বহু বস্তুগত ক্ষয়ক্ষতি ও প্রাণহানির শিকার হতে হয়েছে। এ প্রেক্ষাপটে তিনি জিসিসিভুক্ত দেশগুলোকে তাদের আচরণ ও দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনা ও গঠনমূলক পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

নাসের কানয়ানি বলেন, পারস্য উপসাগরে অবস্থিত দ্বীপ তিনটি সবসময় ইরানের অংশ ছিল এবং ভবিষ্যতেও ইরানের অংশই থাকবে। এসব দ্বীপের ওপর ইরানের মালিকানা ঐতিহাসিকভাবে স্বীকৃত এবং আইনগত ও ভৌগোলিক সমস্ত তথ্য-উপাত্তা ইরানের পক্ষেই রয়েছে।

শুক্রবারের বিবৃতিতে জিসিসিভুক্ত দেশগুলো সংযুক্ত আরব আমিরাতের কথিত ‘শান্তিপূর্ণভাবে দ্বীপ সংক্রান্ত সমস্যা সমাধান’ প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১১