তেহরানে নিযুক্ত ইরাকি রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
https://parstoday.ir/bn/news/iran-i118328-তেহরানে_নিযুক্ত_ইরাকি_রাষ্ট্রদূতকে_ইরানের_পররাষ্ট্র_মন্ত্রণালয়ে_তলব
ইরাকের বসরা নগরীতে পারস্য উপসাগরের নাম বিকৃত করার অভিযোগে তেহরানে নিযুক্ত ইরাকি রাষ্ট্রদূত নাসির আব্দুল মোহসেন আব্দুল্লাহকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা নগরীতে বর্তমানে চলমান একটি আঞ্চলিক ফুটবল টুর্নামেন্টে পারস্য উপসাগরের নাম বিকৃত করা হয়।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জানুয়ারি ১২, ২০২৩ ০৬:২০ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

ইরাকের বসরা নগরীতে পারস্য উপসাগরের নাম বিকৃত করার অভিযোগে তেহরানে নিযুক্ত ইরাকি রাষ্ট্রদূত নাসির আব্দুল মোহসেন আব্দুল্লাহকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা নগরীতে বর্তমানে চলমান একটি আঞ্চলিক ফুটবল টুর্নামেন্টে পারস্য উপসাগরের নাম বিকৃত করা হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এ সম্পর্কে এক বিবৃতিতে বলেছেন, ইরাকি রাষ্ট্রদূতকে তার মন্ত্রণালয়ে তলব করা হয় এবং পারস্য উপসাগরের নামের ব্যাপারে ইরানি জনগণর স্পর্শকাতরতার কথা জানিয়ে দেয়া হয়।তিনি বলেন, ঐতিহাসিকভাবে স্বীকৃত পারস্য উপসাগরের বিকৃত নাম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আমির-আব্দুল্লাহিয়ান বলেন, ইরানি জনগণ বিষয়টিতে এতটা স্পর্শকাতর যে, ইরাকের সঙ্গে আমাদের কৌশলগত, ভ্রাতৃপ্রতীম ও গভীর সম্পর্ক বিদ্যমান থাকা সত্ত্বেও পারস্য উপসাগের নামের বিষয়ে আমাদের কঠোর প্রতিবাদের কথা জানিয়ে দেয়ার জন্য ইরাকি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।

এর আগে গত সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছিলেন, ইরাকে পারস্য উপসাগরের নামের পরিবর্তে ‘আরব উপসাগর’ বলার কারণে বাগদাদের কাছে তেহরান প্রতিবাদ জানিয়েছে।

ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা নগরীতে বর্তমানে একটি আঞ্চলিক ফুটবল টুর্নামেন্ট চলছে। আগামী ১৯ জানুয়ারি শেষ হতে যাওয়া এই টুর্নামেন্টে ইরাক ছাড়াও বাহরাইন, কুয়েত, ইয়েমেন, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত অংশগ্রহণ করছে। এ উপলক্ষে সেখানে প্রদর্শিত এক বিলবোর্ডে অংশগ্রহণকারী দলগুলোকে উদ্দেশ করে লেখা রয়েছে, ‘২৫তম আরব উপসাগর কাপ’ ফুটবল টুর্নামেন্টে স্বাগত জানাচ্ছি।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/১২