চীন যাওয়ার আগে সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠক করলেন ইরানের প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/iran-i119630-চীন_যাওয়ার_আগে_সর্বোচ্চ_নেতার_সঙ্গে_বৈঠক_করলেন_ইরানের_প্রেসিডেন্ট
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি চীন সফরের প্রাক্কালে আজ (সোমবার) সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে বৈঠক করেছেন। এ সময় তিনি চীন সফরে তার নানা কর্মসূচি সম্পর্কে সর্বোচ্চ নেতাকে অবহিত করেন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ১৬:৫৩ Asia/Dhaka
  • সর্বোচ্চ নেতা (বামে) ও রায়িসি (ডানে)
    সর্বোচ্চ নেতা (বামে) ও রায়িসি (ডানে)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি চীন সফরের প্রাক্কালে আজ (সোমবার) সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে বৈঠক করেছেন। এ সময় তিনি চীন সফরে তার নানা কর্মসূচি সম্পর্কে সর্বোচ্চ নেতাকে অবহিত করেন।

সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী প্রেসিডেন্টের কর্মসূচির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সফরের সাফল্য কামনা করেন।

প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি আজই আরও পরে চীন সফরে যাচ্ছেন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এশিয়ার গুরুত্বপূর্ণ এ দুই দেশ যখন কৌশলগত ও নানা ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের চেষ্টা চালাচ্ছে তখন এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে কারণে প্রেসিডেন্ট রায়িসির এ সফরের বিশেষ গুরুত্ব রয়েছে।

ইরানি প্রেসিডেন্টের আসন্ন এ সফর সম্পর্কে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং গতকাল (রোববার) এক ঘোষণায় বলেন, আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট রায়িসি চীন সফর করবেন।

তিনদিনের এই সফরের সময় তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে। সফরকালে প্রেসিডেন্ট রায়িসি ইরানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন এবং দুপক্ষের মধ্যে কয়েকটি সহযোগিতা চুক্তি সই হবে। #

পার্সটুডে/এসএ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।