নিষেধাজ্ঞা ইস্যুতে ট্রাম্প ও বাইডেনের মধ্যে পার্থক্য নেই: ইরানের প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/iran-i119820-নিষেধাজ্ঞা_ইস্যুতে_ট্রাম্প_ও_বাইডেনের_মধ্যে_পার্থক্য_নেই_ইরানের_প্রেসিডেন্ট
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, শত্রুরা নিষেধাজ্ঞা দিয়ে ইরানি জাতির উন্নয়ন থামিয়ে দিতে চেয়েছিল, কিন্তু ইরানি জাতি ও যুব সমাজ থেমে যায়নি। চীনের টিভি চ্যানেল 'সিজিটিএন'-কে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ১৫:৩৩ Asia/Dhaka
  • রায়িসি
    রায়িসি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, শত্রুরা নিষেধাজ্ঞা দিয়ে ইরানি জাতির উন্নয়ন থামিয়ে দিতে চেয়েছিল, কিন্তু ইরানি জাতি ও যুব সমাজ থেমে যায়নি। চীনের টিভি চ্যানেল 'সিজিটিএন'-কে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।

আজ (শনিবার) সাক্ষাৎকারটি সম্প্রচারিত হয়েছে। এই সাক্ষাতকারে ইরানের প্রেসিডেন্ট আরও বলেছেন, ইরানের বিরুদ্ধে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা আসলে এক ধরণের যুদ্ধ। এই যুদ্ধের উপকরণগুলোই কেবল আলাদা। অতীতে সমরাস্ত্র ব্যবহার করা হতো, এখন নিষেধাজ্ঞাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। নিষেধাজ্ঞার হোতারা নির্মম উপায়ে এটা করছে। ওষুধের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানান ইরানি প্রেসিডেন্ট।

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে জো বাইডেন ও ট্রাম্পের সরকারের মধ্যে কোনো পার্থক্য দেখা যাচ্ছে কিনা- এমন প্রশ্নের উত্তরে রায়িসি বলেন, আমেরিকার বর্তমান ও সাবেক শাসক গোষ্ঠীর আচরণে কোনো পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে না। সাবেক সরকারের মতো বর্তমান সরকারও নিষেধাজ্ঞার পথ বেছে নিয়েছে।

পরমাণু সমঝোতা পুনর্বহাল বিষয়ক আলোচনা প্রসঙ্গে ইরানের প্রেসিডেন্ট বলেন, 'ইরান একটি ভালো সমঝোতা চায়, কিন্তু তারা এমন সমঝোতা চায় না। আলোচনার অপর পক্ষ প্রতিশ্রুতি লঙ্ঘন করছে, তারা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে। তারা আলোচনার টেবিল থেকে ওঠে গিয়ে ইরানে সহিংসতা ও নৈরাজ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে।

ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণে ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দেশটি সফর করেন এবং চীনের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও চীনের জাতীয় কংগ্রেসের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের মধ্যে নানা ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে। বেশ কয়েকটি সহযোগিতা স্মারকও সই করেছেন দুই দেশের কর্মকর্তারা।#  

পার্সটুডে/এসএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।