হোসেইন আমির আব্দুল্লাহিয়ান:
লেবাননে নতুন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে অভ্যন্তরীণ চুক্তিকে সমর্থন করে ইরান
-
আমির আব্দুল্লাহিয়ান ও আব্দুল্লাহ বু হাবিব
ইরান লেবাননের মঙ্গল ছাড়া আর কিছুই চায় না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এ মন্তব্য করেন। আজ বৈরুতে লেবাননি সমকক্ষ আব্দুল্লাহ বু হাবিবের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন: নয়া প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে লেবাননের রাজনৈতিক দলগুলোর মধ্যকার যে-কোনো সমঝোতাকে ইরান জোরালো সমর্থন জানায়। প্রেসিডেন্ট নির্বাচনের ব্যাপারে আরব দেশের কর্মকর্তারা ঐকমত্যে পৌঁছাতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন ইরান লেবাননের কল্যাণ ছাড়া আর কিছুই চায় না। রাজনৈতিক প্রক্রিয়া ত্বরান্বিত করতে এবং নয়া প্রেসিডেন্ট নির্বাচন করার জন্য লেবাননের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। একইসঙ্গে তিনি 'বিদেশী পক্ষগুলোকে আরব দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে লেবাননের নির্বাচনকে সমর্থন জানানোর' আহ্বান জানান।
লেবাননের সংসদ দীর্ঘ সময় ধরে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে ব্যর্থ হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা এবং বিদেশী হস্তক্ষেপের কারণে লেবাননে রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হয়েছে। সে কারণেই নতুন প্রেসিডেন্ট নির্বাচন করার ক্ষেত্রে জটিলতা দেখা দিয়েছে।
২০১৯ সালের শেষের দিকে লেবাননে গভীর অর্থনৈতিক সঙ্কট দেখা দেয়। মার্কিন ডলারের তুলনায় লেবাননের পাউন্ডের মূল্যমান প্রায় ৯০ শতাংশ হ্রাস পায়। কাজেই তাদের ব্যাঙ্কিং ব্যবস্থা ভেঙে পড়ে এবং লেবাননের বেশিরভাগ জনগণ দারিদ্র্যের মুখে নিমজ্জিত হয়।
আমির-আব্দুল্লাহিয়ান দু'দিনের সরকারি সফরে গতকাল লেবাননে পৌঁছেছেন। লেবাননের সংসদ স্পিকার নাবি বেরি এবং প্রধানমন্ত্রী নাজিব মিকাতিসহ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন বলে কথা রয়েছে। লেবানন সফরের আগে আমির-আব্দুল্লাহিয়ান ওমান সফর করেন। সেখানে তিনি ওই আরব দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।#
পার্সটুডে/এনএম/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।