ইরান নিয়ে আমেরিকার আচরণে মৌলিক পরিবর্তন আনতে হবে: তেহরান
-
কানয়ানি
ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রসঙ্গে মার্কিন আচরণে মৌলিক পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেন, আমেরিকার বিষয়ে ইরানের দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন আনার আগে ওয়াশিংটনকে ইরানের বিষয়ে তার শত্রুতামূলক নীতিতে পরিবর্তন আনতে হবে।
আজ (সোমবার) রাজধানী তেহরানে সাপ্তাহিক ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমেরিকা প্রসঙ্গে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর ঘোষণা করা দৃষ্টিভঙ্গিকে সর্বাধিক গুরুত্ব দেয় ইরানি প্রশাসন।
কানয়ানি বলেন, আমেরিকার বিষয়ে ইরান যে দৃষ্টিভঙ্গি পোষণ করে তা ওয়াশিংটনের শত্রুতাপূর্ণ নীতির কারণে। তিনি সুস্পষ্ট করে বলেন, আমেরিকার শত্রুতাপূর্ণ আচরণ পরিবর্তন না হলে আমেরিকার ব্যাপারে ইরানের দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন আসবে না।
ইরানের মুখপাত্র বলেন, ইরান কখনো তার পররাষ্ট্র সম্পর্ক এবং জাতীয় স্বার্থকে কোন বিশেষ দেশ বা ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত করেনি বরং সরকার সম্মানজনক সম্পর্কের ভিত্তিতে বিভিন্ন দেশের সঙ্গে লেনদেন করছে।#
পার্সটুডে/এসআইবি/২৬