আইআরজিসি প্রধানের মন্তব্য
ইরান-বিরোধী হুমকি শুধুমাত্র ইসরাইলের আয়ুষ্কাল কমিয়ে দেবে
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, তার দেশের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল যে হুমকি দিয়েছে তাতে তাদের আয়ুষ্কাল শুধু কমে যাবে।
ইসরাইলের সেনা গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বারনেয়া ইরানের রাজধানী তেহরানের প্রাণকেন্দ্রে ইরানের শীর্ষ পর্যায়ের সেনা ও সরকারি কর্মকর্তাদের ওপর হামলার হুমকি দেয়ার তিনদিন পর জেনারেল সালামি এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। মোসাদ-প্রধান অভিযোগ করেছেন, ইসরাইলের বিভিন্ন ব্যক্তি, সংস্থা ও স্থাপনার বিরুদ্ধে ইরানের পক্ষ থেকে গত এক বছরে অন্তত ২৭ বার হামলা চালানোর চেষ্টা হয়েছে। ইরান-বিরোধী এই অভিযোগ তুলে মোসাদ প্রধান বলেন, ইরানের আইআরজিসির প্রধান মেজর জেনারেল সালামি, কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কা'নি এবং গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবসহ অন্যান্য শীর্ষ পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তাকে হত্যার পরিকল্পনা করা হবে।
জবাবে জেনারেল সালামি বলেন, গত ৪৫ বছর ধরে শত্রুরা ইরান বিরোধী যে সমস্ত ধ্বংসাত্মক ও বিপজ্জনক তৎপরতা চালিয়েছে তেহরান তার প্রায় সবই নস্যাৎ করতে সক্ষম হয়েছে। ইরাক, আফগানিস্তান, সিরিয়া ও লেবাননে পুতুল সরকার বসানোর পরিকল্পনা সফল করতে পারেনি আমেরিকা। এতে প্রমাণিত হয়- এই অঞ্চলে তাদের পরিকল্পনা বাস্তবায়নে তারা ব্যর্থ হয়েছে, এমনকি ইসরাইলকে আমেরিকা পূর্ণ সমর্থন দিতে পারেনি।#
পার্সটুডে/এসআইবি/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।