'আটক সন্ত্রাসীরা ওয়াশিংটন ও রিয়াদের মদদ পাওয়ার কথা স্বীকার করেছে'
-
আইআরজিসির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ পাকপুর
গত সপ্তাহে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে আটক একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা স্বীকার করেছে, তাদের প্রতি সৌদি আরব এবং আমেরিকার মদদ রয়েছে। এ খবর জানিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অন্যতম কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ পাকপুর।
জেনারেল পাকপুর গতকাল (বৃহস্পতিবার) বলেন, এসব সন্ত্রাসী তাদের অপরাধ স্বীকার করে বলেছে, তাদের অশুভ লক্ষ্য বাস্তবায়নে সৌদি আরব এবং আমেরিকার মদদ রয়েছে। পরবর্তীতে এ সংক্রান্ত বিস্তারিত বিবরণ প্রকাশ করা হবে বলে জানান তিনি।
গত সপ্তাহে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান- বালুচিস্তান প্রদেশের খাশ শহরে এ সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালানো হয়। পাকপুর বলেন, আটক করার সময় আহত এক সন্ত্রাসী মারা গেছে এবং অন্যজন পুলিশি হেফাজতে রয়েছে।
সন্ত্রাসীদেরকে সংগঠিত এবং শক্তিশালী করার পাশাপাশি এদেরকে দিয়ে ইরানের অভ্যন্তরে বিপ্লব বিরোধী কর্মকাণ্ড চালানোর লক্ষ্যে ওয়াশিংটন এবং রিয়াদ কাজ করছে বলে জানান পাকপুর। তবে ইরানের নিরাপত্তা বাহিনী এসব সন্ত্রাসী গোষ্ঠীকে সীমান্ত এলাকায় ধ্বংস করে দিয়েছে এবং কয়েক বছরের মধ্যে এরা আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না বলে জানান তিনি।
জেনারেল পাকপুর আরো বলেন, শক্তিশালী বিস্ফোরক ব্যবহারের মাধ্যমে এসব গোষ্ঠী ঘনবসতিপূর্ণ এলাকার পাশাপাশি শহরের কেন্দ্রস্থলে হামলা চালানোর পরিকল্পনা করেছিল। ইরানি জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির লক্ষ্যে শত্রুরা এখন এদেশে জাতিগত সংঘাত বাধানোর চেষ্টা করছে বলেও হুঁশিয়ারি দেন পাকপুর।#
পার্সটুডে/বাবুল আখতার/মুজাহিদুল ইসলাম/২৪