ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধ:
পরাজয়ের গ্লানি ঢাকতে ইসরাইলি গণহত্যা: ত্রাণ পাঠাতে করিডোর খোলার আহ্বান ইরানের
আল-আকসা তুফান অভিযানের ঐতিহাসিক পরাজয় ঢাকতে ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনিদের ওপর নির্বিচার গণহত্যা চালিয়ে যাচ্ছে। ইহুদিবাদীরা গতকালও গাজার আল-মাআমদানি হাসপাতালে নির্বিচারে বোমা বর্ষণ করেছে।
নিরীহ মানুষের ওপর তাদের বর্বর সেনাদের হামলায় হতাহত ফিলিস্তিনীদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। ইসরাইলি বর্বর সেনাদের ওই বোমা হামলায় ৭ শতাধিক ফিলিস্তিনী শহীদ হয়েছেন।
গাজায়ে ইসরাইলি বর্বর গণহত্যার নিন্দা জানিয়ে ইরানের প্রেসেডন্ট ইব্রাহিম রায়িসি সমগ্র দেশজুড়ে আজ রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন। রায়িসি বলেছেন: মার্কিন-ইসরাইলি বোমার আগুন শিগগিরি ইহুদিবাদীদের গ্রাস করবে।
এদিকে গাজায় মেডিক্যাল টিম পাঠানোর প্রস্তুতি নিয়েছে ইরান। ইরানের স্বাস্থ্যমন্ত্রী বাহরম এইনুল্লাহি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু'র পূর্ব-ভূমধ্যসাগরীয় অঞ্চলের পরিচালক আহমাদ আল-মুনজেরির সঙ্গে টেলিফোনে ইরানের ওই প্রস্তুতির কথা জানিয়েছেন।
এইনুল্লাহি বলেছেন: ইহুদিবাদী ইসরাইল গাজায় ফিলিস্তিনী নারী ও শিশুদের ওপর পাশবিক গণহত্যা চালাচ্ছে। এই বিপর্যয়কর পরিস্থিতিতে হু'কে গাজায় ফিলিস্তিনের নিরীহ মানুষের সাহায্যে এগিয়ে এসে ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
হু'র পূর্ব-ভূমধ্যসাগরীয় অঞ্চলের পরিচালক আহমাদ আল-মুনজেরিও ইরানের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনালাপে ফিলিস্তিনিদের স্বাস্থ্য ও চিকিৎসা সেবায় তার সংস্থার প্রচেষ্টার কথা জানান। তিনি বলেন: ফিলিস্তিনিদের সেবায় প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম পাঠানোর জন্য প্রস্তুত করা আছে। রাফা ক্রসিং খুলে না দেওয়ায় সেগুলো পাঠানো যাচ্ছে না।
তারই পরিপ্রেক্ষিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান গাজার জনগণের সেবায় খাদ্য ও ওষুধ সামগ্রী পাঠানোর জন্য অবিলম্বে একটি করিডোর খোলার ওপর গুরুত্বারোপ করেছেন। আব্দুল্লাহিয়ান তাঁর আর্মেনীয় সমকক্ষের সাথে টেলিফোনে আলাপকালে করিডোর খোলার প্রয়োজনীয়তার কথা বলেন।
বার্তা সংস্থা ইরনা আরও জানিয়েছে, আমির আবদুল্লাহিয়ান আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরারাত মিরজোয়ানের সঙ্গে টেলিফোনে আলাপকালে আজকের (বুধবার) জেদ্দা বৈঠকের কথা উল্লেখ করেন। তিনি বলেন, অধিকৃত ফিলিস্তিনের পরিস্থিতি টগবগে উত্তপ্ত হয়ে আছে। যে-কোনো মুহূর্তে সেখানে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আমির আবদুল্লাহিয়ান জোর দিয়ে বলেন: যত দ্রুত সম্ভব গাজার জনগণের কাছে পানি, খাবার এবং ওষুধসহ অন্যান্য চিকিৎসা সামগ্রী পাঠানোর জন্য উপযুক্ত করিডোর স্থাপন করা খুব প্রয়োজন।#
পার্সটুডে/এনএম/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।