ইরানের প্রেসিডেন্ট:
গাজা বিপর্যয় ইসরাইলের মানবতাবিরোধী কর্মকাণ্ডের চিত্তাকর্ষক প্রদর্শনী: রায়িসি
-
মন্ত্রিসভা বৈঠকে প্রেসিডেন্ট রায়িসি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট গাজা বিপর্যয়কে ইহুদিবাদী ইসরাইলের মানবতাবিরোধী কর্মকাণ্ডের একটি চিত্তাকর্ষক প্রদর্শনী বলে অভিহিত করেছেন। মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি আজ ওই মন্তব্য করেছেন।
গাজা উপত্যকার আবাসিক এলাকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আক্রমণ টানা চতুর্থ সপ্তায় পড়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী এ পর্যন্ত ৮ হাজার ৫০০ রও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন যাদের অর্ধেকই নিরীহ এবং নির্যাতিত শিশু।
প্রেসিডেন্টের দফতর আরও জানিয়েছে, প্রেসিডেন্ট রায়িসি বলেছেন: গাজার ঘটনাপঞ্জি ইহুদিবাদী ইসরাইলের মানবতাবিরোধী কর্মকাণ্ডের একটি মর্মস্পর্শী প্রদর্শনী, যার মধ্যে রয়েছে শিশু হত্যা, হাসপাতালে হামলা, নিষিদ্ধ বোমার ব্যবহার এবং জনগণকে চারদিকে ঘেরাও করে রাখার পাশাপাশি ত্রাণ, খাদ্য ও ওষুধ প্রবেশ ও বিতরণে বাধা প্রদান। এ অঞ্চলে এইসব মানবতা বিরোধী ঘটনাগুলো বিশ্ব সম্প্রদায়ের চোখের সামনেই ঘটছে বলে জনাব রায়িসি মন্তব্য করেন।
ইরানের প্রেসিডেন্ট বলেন: ইহুদিবাদী ইসরাইলকে অস্ত্র ও সামরিক সহায়তার পাশাপশি রাজনৈতিক সহায়তা দিয়ে এইসব অপরাধে আমেরিকা প্রত্যক্ষ ভূমিকা রাখছে। ইসরাইলি অপরাধযজ্ঞ প্রমাণ করছে বেশিরভাগ আন্তর্জাতিক রীতিনীতি এবং জাতিসংঘের সনদ কার্যকারিতা হারিয়েছে।
গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব অনুমোদনের জন্য সাধারণ পরিষদের সদস্যদের ভোটকে আন্তর্জাতিক পরিসরে আমেরিকার কোনঠাসা হয়ে পড়ার কারণ হিসাবে বিবেচনা করেন রায়িসি। সেইসঙ্গে ইসরাইলি সেনাদের শিশুহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের সাথে কিছু পশ্চিমা দেশের সমর্থনকে আত্মপ্রতারণা ও দ্বৈতনীতি বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট রায়িসি।#
পার্সটুডে/এনএম/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন