ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে আইআরজিসির অভিযানে ৫ সন্ত্রাসী নিহত
-
ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি
ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে অভিযান চালিয়ে বিপ্লব বিরোধী গোষ্ঠীর পাঁচ অস্ত্রধারী দস্যুকে হত্যা করেছে।
গতকাল (শনিবার) আইআরজিসির জনসংযোগ কর্মকর্তা এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানের পশ্চিম আজারবাইজান এবং কুর্দিস্তান প্রদেশে রাতে আইআরজিসির সঙ্গে অস্ত্রধারীদের সংঘর্ষ হয়।এতে আরাশ মেনবারি এবং শুরেশ মেনাবারি নামে পরিচিত সন্ত্রাসীদের দুইজন কমান্ডার নিহত হয় বলে বিবৃতিতে বলা হয়েছে। এছাড়া, অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম উদ্ধার হয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, তবে এই সফল অভিযানে আইআরজিসির কোনো সদস্যের ক্ষতি হয় নি।
সন্ত্রাসীদেরকে সংগঠিত এবং শক্তিশালী করার পাশাপাশি এদেরকে দিয়ে ইরানের অভ্যন্তরে বিপ্লব বিরোধী কর্মকাণ্ড চালানোর লক্ষ্যে ওয়াশিংটন এবং রিয়াদ কাজ করছে বলে এর আগে চলতি সপ্তাহের শুরুতে আইআরজিসির অন্যতম কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ পাকপুর জানিয়েছিলেন।
এছাড়া, গত কয়েক দিনে ইরানের অভ্যন্তরে এবং সীমান্ত এলাকায় বহু সন্ত্রাসী হামলা ব্যর্থ করে দেয়া হয়েছে বলে জানান তিনি। এদিকে, গত সোমবার ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে তুরস্কের সীমান্তের কাছে অভিযান চালিয়ে ইরানের সেনাবাহিনী পাঁচ সন্ত্রাসীকে হত্যা করেছে।#
পার্সটুডে/বাবুল আখতার/২৬