ইসরাইল অভিমুখী জাহাজ রক্ষার পরিকল্পনা
লোহিত সাগরে নৌবাহিনীর টাস্ক ফোর্স গঠন করা বোকামি: ইরান
-
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি বলেছেন, ইসরাইল অভিমুখী জাহাজকে রক্ষার জন্য লোহিত সাগরে আমেরিকা যে টাস্ক ফোর্স গঠন করার পরিকল্পনা নিয়েছে তা বোকামিপূর্ণ পদক্ষেপ।
আমেরিকাকে কড়া হুঁশিয়ারি দিয়ে ইরানি প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই অঞ্চলে বিদেশীদের উপস্থিতি ও শক্তি প্রদর্শনের কোনো জায়গা নেই। তিনি আশা করেন, আমেরিকা এই ধরনের কোনো উদোগ নেবে না কারণ তাতে এই অঞ্চলে নানা রকমের সমস্যা দেখা দেবে এবং মার্কিনিরাই সমস্যায় পড়বে।
গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছে, তারা লোহিত সাগর দিয়ে ইসরাইলের জাহাজ ও ইসরাইল অভিমুখী জাহাজ চলাচলের ক্ষেত্রে নিরাপত্তা দেয়ার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করতে প্রস্তুত রয়েছে। এরপর ইরানের প্রতিরক্ষামন্ত্রী এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন।
গত কিছুদিন ধরে ইয়েমেনের হুথি সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরাইলি জাহাজে হামলা চালিয়ে আসছে। তারা বলছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তার অবসান না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে। ইসরাইলের আগ্রাসন বন্ধ না করে আমেরিকা লোহিত সাগরে টাস্ক ফোর্স গঠন করতে চাইছে।#
পার্সটুডে/এসআইবি/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।