‘ইরানি জেনারেলকে হত্যা করার জন্য ইসরাইলকে মূল্য দিতে হবে’
ইহুদিবাদী ইসরাইল বেপরোয়া আচরণ করছে: ইরানের প্রেসিডেন্ট রায়িসি
-
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিরিয়ায় তার দেশের সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাজি মূসাভিকে হত্যা করার জন্য ইহুদিবাদী ইসরাইলকে চড়া মূল্য দিতে হবে। তিনি গতরাতে (সোমবার রাতে) এক বার্তায় বলেন, আইআরজিসি’র সামরিক উপদেষ্টার হত্যাকাণ্ড অসভ্য ইসরাইল সরকারের বেপরোয়া আচরণের আরেকটি প্রমাণ।
বার্তায় জেনারেল মূসাভির শোকসন্তপ্ত পরিবারের পাশাপাশি আইআরজিসি এবং ইরানি জনগণের প্রতি শোক ও সমবেদনা জানান প্রেসিডেন্ট রায়িসি। তিনি বলেন, জেনারেল কাসেম সোলায়মানির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত জেনারেল মূসাভি নিহত হওয়ার আগ পর্যন্ত ‘ইসলামি মূল্যবোধ’ রক্ষা করার গুরুদায়িত্ব পালন করছিলেন।
সিরিয়ার রাজধানী দামেস্কের সাইয়্যেদা জয়নাব এলাকায় ইহুদিবাদী ইসরাইলি সন্ত্রাসী সেনাদের এক বিমান হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর একজন পদস্থ কর্মকর্তা শহীদ হয়েছেন। অভিজ্ঞ সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ রাজি মুসাভি সিরিয়ায় সিনিয়র সামরিক উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন। গতকাল (সোমবার) জেনারেল মুসাভি ইসরাইলি বিমান হামলায় নিহত হন। ওই হামলা কীভাবে হয়েছে এবং তাতে আরো কেউ হতাহত হয়েছে কিনা তা ঘোষণা করা হয়নি।
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জেনারেল মুসাভির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। ওই বাহিনী এক বিবৃতিতে বলেছে, অবৈধ ও শিশু-হত্যাকারী ইহুদিবাদী সরকার জেনারেল মুসাভিকে হত্যা করে একটি মারাত্মক অপরাধ করেছে। নিঃসন্দেহে এই অপরাধের জন্য দখলদার ও অসভ্য ইসরাইল সরকারকে মূল্য দিতে হবে। আইআরজিসি’র বিবৃতিতে বলা হয়েছে, এ সংক্রান্ত বিস্তারিত ঘোষণা অচিরেই ইরানি জনগণকে জানিয়ে দেয়া হবে।#
পার্সটুডে/এমএমআই/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।