ইরানে সংসদ নির্বাচন: রেকর্ডসংখ্যক প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু
https://parstoday.ir/bn/news/iran-i134808-ইরানে_সংসদ_নির্বাচন_রেকর্ডসংখ্যক_প্রার্থীর_নির্বাচনী_প্রচারণা_শুরু
ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রেকর্ডসংখক প্রার্থী তাদের প্রচারণা শুরু করেছেন। ভোট গ্রহণের এক সপ্তাহ আগে এই নির্বাচনী প্রচারণা শুরু হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ১১:১১ Asia/Dhaka
  • ইরানে সংসদ নির্বাচন: রেকর্ডসংখ্যক প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু

ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রেকর্ডসংখক প্রার্থী তাদের প্রচারণা শুরু করেছেন। ভোট গ্রহণের এক সপ্তাহ আগে এই নির্বাচনী প্রচারণা শুরু হলো।

আগামী পহেলা মার্চ ইরানে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৯০টি আসনে নির্বাচনের জন্য এবার ১৫,২০০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার অনুমোদন পেয়েছেন। ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর দেশে এবারই সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি বলেছেন, নির্বাচনে বিভিন্ন মত ও রাজনৈতিক চিন্তার ব্যক্তিরা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সত্যিকার প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র তৈরি হয়েছে। তিনি বলেন, নির্বাচনের প্রার্থী এবং তাদের সমর্থকদের অবশ্যই আইনি কাঠামোগুলো মেনে চলতে হবে এবং তাদেরকে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে পরিপূর্ণভাবে শৃঙ্খলা মেনে চলতে হবে। এর পাশাপাশি অন্য প্রার্থীদের হেয় করা থেকে তাদের বিরত থাকতে হবে।

প্রার্থীদের বিষয়ে সাংবাদিক মাযিয়ার খোশরাভি জানিয়েছেন, এবারের নির্বাচনে যেসব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের বেশিরভাগই ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি আমলা এবং শিক্ষক যারা সরাসরি কোনো রাজনৈতিক দল বা জোটের সাথে জড়িত নন।

এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইরানের অভিভাবক পরিষদ বুধবার চূড়ান্তভাবে যোগ্য প্রার্থীদের নাম ঘোষণা করে। নির্বাচনে প্রার্থীদের মধ্যে ১,৭১৩ জন নারী রয়েছেন। ২০২০ সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে নারী প্রার্থীদের সংখ্যা ছিল ৮১৯। তেহরান প্রদেশের নির্বাচনী এলাকা থেকে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩,৫৪৫ জন প্রার্থী।

সংসদ নির্বাচনের পাশাপাশি ৮৮ আসন বিশিষ্ট বিশেষজ্ঞ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ১৪৪ জন আলেম প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিশেষজ্ঞ পরিষদের সদস্যরা সর্বোচ্চ নেতার উপদেষ্টা হিসেবে কাজ করে থাকেন। আট বছরের জন্য বিশেষজ্ঞ পরিষদ নির্বাচিত হয়।#

পার্সটুডে/এসআইবি/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।