ইরানে আইআরজিসি’র অভিযানে বিপ্লব বিরোধী আরো ২ সন্ত্রাসী নিহত
ইরানের পশ্চিমাঞ্চলীয় কুর্দিস্তান প্রদেশে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র হাতে আরো দুই বিপ্লব বিরোধী নিহত হয়েছে। আইআরজিসি’র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ হোসেইন রাজাভি ইরানের ফার্স সংবাদ সংস্থাকে এ কথা জানান।
গত সপ্তাহে একই প্রদেশের সারভান্দে আইআরজিসি’র অভিযানে ১১ জন সন্ত্রাসী নিহত হয়েছিল। একই অভিযানের ধারাবাহিকতায় বৃহস্পতিবার আরো দুই বিপ্লব বিরোধী নিহত হয়। গত সপ্তাহে যেসব সন্ত্রাসী নিহত হয়েছিল এরাও সেই বিপ্লব বিরোধী একই গোষ্ঠীর সদস্য বলেও জানান তিনি। জেনারেল রাজাভি বলেন, স্থানীয় অধিবাসীদের কাছ থেকে পাওয়া গোপন সূত্রের খবরের ভিত্তিতে তার বাহিনী এ অভিযান চালায়।
আইআরজিসিকে সহযোগিতার জন্য স্থানীয় অধিবাসীদেরকে ধন্যবাদ জানান তিনি। তিনি বলেন,কুর্দিস্তান প্রদেশের মানুষ কোনো অবস্থায়ই ইসলামি বিপ্লব বিরোধীদেরকে ইরানে তৎপরতা চালাতে দেবে না।
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হোসেইন রাজাভি আরো জানান, বিপ্লব বিরোধী এ গোষ্ঠীর প্রধান তার ডাইরিতে স্বীকার করেছেন, জনসমর্থন না পাওয়ায় ইরানে তাদের বিপ্লব বিরোধী তৎপরতা হালে পানি পাচ্ছে না।
এ ছাড়া, ইরানের আঞ্চলিক ও আন্তর্জাতিক শত্রুদেরকে সৌদি আরবের ভাড়াটে হিসেবে কাজ করার বিষয়েও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। আইআরজিসি’র এই কমান্ডার বলেন, সৌদি আরব নিজেই আমেরিকা ও ইহুদির ভাড়াটে হয়ে কাজ করছে।
জেনারেল রাজাভি বলেন,ইরানে তৎপরতা চালানোর লক্ষ্যে একটি গোষ্ঠী গঠনের জন্য শত্রুরা ওই ১৩ জনকে পাঠিয়েছিল। কুর্দিস্তান প্রদেশসহ গোটা ইরানের নিরাপত্তাকে আইআরজিসি রেড লাইন বলে মনে করে। আর সে কারণেই ওদের সবাই নিহত হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/৮