তুর্কি সীমান্তের কাছে বিপ্লব বিরোধী গোষ্ঠীর তৎপরতা বানচাল: নিহত ১
https://parstoday.ir/bn/news/iran-i15259-তুর্কি_সীমান্তের_কাছে_বিপ্লব_বিরোধী_গোষ্ঠীর_তৎপরতা_বানচাল_নিহত_১
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি তুর্কি সীমান্তবর্তী ইরানে ‘পশ্চিম আজারবাইজান’ প্রদেশে চার সদস্যের একটি বিপ্লব বিরোধী গোষ্ঠীর তৎপরতা বানচাল করে দিয়েছে। প্রতিবেশী দেশ তুরস্ক থেকে এ সব অপরাধী ইরানের ভূখণ্ডে ঢুকেছিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২১, ২০১৬ ২০:৪৫ Asia/Dhaka
  • তুর্কি সীমান্তের কাছে বিপ্লব বিরোধী গোষ্ঠীর তৎপরতা বানচাল: নিহত ১

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি তুর্কি সীমান্তবর্তী ইরানে ‘পশ্চিম আজারবাইজান’ প্রদেশে চার সদস্যের একটি বিপ্লব বিরোধী গোষ্ঠীর তৎপরতা বানচাল করে দিয়েছে। প্রতিবেশী দেশ তুরস্ক থেকে এ সব অপরাধী ইরানের ভূখণ্ডে ঢুকেছিল।

উত্তর-পশ্চিমাঞ্চলীয় সালমাস অঞ্চলের আইআরজিসি’র কমান্ডার আলী রেজা মাদানি এ কথা  জানিয়েছেন।  তিনি বলেন, সালমাস নগরী থেকে ২৫ কিলোমিটার দূরে এ গোষ্ঠীকে মোকাবেলা করে আইআরজিসি। সংঘর্ষে এ গোষ্ঠীর এক সদস্য নিহত এবং অপর তিনজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে উল্লেখ করে মাদানি বলেন, এ গোষ্ঠীর চার সদস্যই তুরস্কের নাগরিক এবং তারা বিপ্লব বিরোধী বেআইনি গোষ্ঠীর সদস্য। তারা সন্ত্রাসী তৎপরতা চালানোর পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়।

অভিযান চালানোর সময় অপরাধীদের কাছ থেকে অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে। গত শুক্রবারের ব্যর্থ সামরিক অভ্যুত্থানকে কেন্দ্র করে তুরস্কে যখন অস্থিতিশীলতা চলছে তখন ইরানে এ ঘটনা ঘটল।

এদিকে, তুরস্কের ব্যর্থ অভ্যুত্থানের পর ইরানের গোয়েন্দামন্ত্রী মাহমুদ আলাভি বলেছেন, তুরস্কের পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে ইরান। প্রয়োজনীয় পর্যায়ে ইরানের সামরিক, নিরাপত্তা এবং গোয়েন্দা বাহিনীকে সতর্ক রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইরানের সীমান্ত পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/২২