ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে আইআরজিসির অভিযানে ২৩ সন্ত্রাসী নিহত
-
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে আলাদা অভিযান চালিয়ে দু’টি সন্ত্রাসী গোষ্ঠীর প্রায় দুই ডজন সদস্যকে হত্যা করেছে।
ইরানের কুরদিস্তান এবং পশ্চিম আজারবাইজান প্রদেশে দু’টি গোষ্ঠীর আস্তানা ধ্বংস করে দেয়া হয়েছে বলে আইআরজিসির অন্যতম কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ আরজমান্দফার জানিয়েছেন। দেশকে অস্থিতিশীল করতে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে যে পাঁচটি সন্ত্রাসী গোষ্ঠী অপতৎপরতা চালাচ্ছে তাদের মধ্যে ওই দুই গোষ্ঠী রয়েছে বলে জানান তিনি।
ব্রিগেডিয়ার আরজমান্দফার আরো বলেন, ‘আইআরজিসি’র সেনারা অবশিষ্ট গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযানে লিপ্ত রয়েছে। এতে সন্ত্রাসীরা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।’
তিনি আরো জানান, ইরানের সীমান্ত এলাকায় তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ঘাঁটিতে আইআরজিসি’র অভিযানে ২৩ সন্ত্রাসী নিহত হওয়ার পাশাপাশি তারা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।
দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলছে বলে উল্লেখ করে আইআরজিসির কমান্ডার বলেন, ইরানকে অস্থিতিশীল করার অভিন্ন লক্ষ্যে গত বছর থেকে সৌদি এবং মার্কিন গোয়েন্দা নেটওয়ার্কগুলো একযোগে চেষ্টা চালাচ্ছে।
আরজমান্দফার হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশকে অনিরাপদ করতে সন্ত্রাসী গোষ্ঠীগুলো যেখানেই অবস্থান করুক না কেন আমরা তাদের অপতৎপরতা অঙ্কুরেই বিনষ্ট করে দিতে সক্ষম।#
পার্সটুডে/বাবুল আখতার/মুজাহিদুল ইসলাম/২৪