ইরান সব ধরণের পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i156554-ইরান_সব_ধরণের_পরিস্থিতি_মোকাবেলার_জন্য_প্রস্তুত_আইআরজিসি
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র মুখপাত্র আলী মোহাম্মাদ নায়িনি বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনা ব্যর্থ হয়েছে।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
জানুয়ারি ২৯, ২০২৬ ১৭:০১ Asia/Dhaka
  • আলী মোহাম্মাদ নায়িনি
    আলী মোহাম্মাদ নায়িনি

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র মুখপাত্র আলী মোহাম্মাদ নায়িনি বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনা ব্যর্থ হয়েছে।

ইরনা'র বরাত দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, মার্কিন নেতাদের সামরিক হুমকি এবং এই অঞ্চলে মার্কিন বাহিনীর তৎপরতার ওপর ইরানের সশস্ত্র বাহিনী সার্বক্ষণিক স্মার্ট নজরদারি অব্যাহত রয়েছে। তিনি বলেন, ১২ দিনের যুদ্ধের অভিজ্ঞতা প্রমাণ করেছে যে, ইরানের বিরুদ্ধে সামরিক পরিকল্পনা সফল হবে না এবং যুদ্ধের পরিণতি নির্ধারিত হবে ইরানের সশস্ত্র বাহিনীর হাতে।

তিনি সাম্প্রতিক দিনগুলোতে মার্কিনীদের মনস্তাত্ত্বিক যুদ্ধ ও হুমকির মাধ্যমে কূটনীতি চাপিয়ে দেওয়ার চেষ্টার কথা উল্লেখ করে বলেন, যুদ্ধের ভয় দেখানো, যুদ্ধের কৃত্রিম ছবি তৈরি করা এবং বিমানবাহী রণতরী পাঠানো— এগুলো মার্কিন কর্মকর্তাদের পুরনো কৌশল।

তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে দাঙ্গা-নৈরাজ্য এবং ১২ দিনের যুদ্ধে ব্যর্থতার পর হোয়াইট হাউস চরম বিভ্রান্তি ও অসহায় অবস্থায় রয়েছে। দ্রুততম সময়ে ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর তারা এখন সমাজে অস্থিরতা সৃষ্টি ও ইরানি জনগণের মাঝে ভুয়া আতঙ্ক ছড়াতে মরিয়া, কারণ ইরানের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র করতে গিয়ে তারা জনগণের ঐক্য ও জাতীয় সংহতির শক্ত প্রাচীরের মুখোমুখি হয়েছে। এবারও তারা মনস্তাত্ত্বিক যুদ্ধের মাধ্যমে জনগণের মনোভাব ও চিন্তায় নেতিবাচক প্রভাব ফেলতে চায়।

তিনি জনগণকে আশ্বস্ত করে বলেন, শত্রুর আচরণ ও তৎপরতার ওপর আমাদের পূর্ণ নজর রয়েছে এবং শত্রুর সব সম্ভাব্য পরিকল্পনার মোকাবিলায় আমাদের কার্যকর প্রস্তুতি আছে।

জেনারেল নায়িনি আরও বলেন, শত্রুরা কাতারের ‘আল-উদেইদ’ ঘাঁটিতে আমাদের প্রাথমিক আঘাতের কথা ভুলে যায়নি। আমরা আধুনিক যুদ্ধক্ষেত্রে— বৃহৎ পরিসরে এবং সবচেয়ে বিপজ্জনক ও জটিল ময়দানে— শত্রুকে পরাজয়ের স্বাদ আস্বাদন করিয়েছি।#

পার্সটুডে/এসএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।