জানুয়ারি মাসের সহিংসতায় নিহতদের তালিকা প্রকাশ; 'সবাই ছিলেন ইরানের সন্তান'
https://parstoday.ir/bn/news/iran-i156678-জানুয়ারি_মাসের_সহিংসতায়_নিহতদের_তালিকা_প্রকাশ_'সবাই_ছিলেন_ইরানের_সন্তান'
পার্সটুডে: ইরানের প্রেসিডেন্ট কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্বচ্ছতা, দায়িত্ববোধ ও জবাবদিহির নীতির ভিত্তিতে এবং প্রেসিডেন্টের নির্দেশে, সাম্প্রতিক সহিংসতায় নিহতদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকা তৈরি করা হয়েছে দেশের ফরেনসিক মেডিসিন সংস্থার তথ্য এবং জাতীয় নিবন্ধন সংস্থার ডাটাবেজ মিলিয়ে যাচাই করে।
(last modified 2026-02-02T13:39:56+00:00 )
ফেব্রুয়ারি ০২, ২০২৬ ১৮:০৮ Asia/Dhaka
  • দাঙ্গাবাজদের হামলায় নিহত ৩ শিশু
    দাঙ্গাবাজদের হামলায় নিহত ৩ শিশু

পার্সটুডে: ইরানের প্রেসিডেন্ট কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্বচ্ছতা, দায়িত্ববোধ ও জবাবদিহির নীতির ভিত্তিতে এবং প্রেসিডেন্টের নির্দেশে, সাম্প্রতিক সহিংসতায় নিহতদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকা তৈরি করা হয়েছে দেশের ফরেনসিক মেডিসিন সংস্থার তথ্য এবং জাতীয় নিবন্ধন সংস্থার ডাটাবেজ মিলিয়ে যাচাই করে।

গতকাল (রবিবার) সন্ধ্যায় দেওয়া এই বিবৃতিতে বলা হয়, চলতি বছরের জানুয়ারি মাসের ঘটনাগুলোতে যারা নিহত হয়েছেন, তারা সবাই এই দেশের সন্তান ছিলেন। কোনো শোকাহত পরিবারকে একা, নীরবে বা অসহায় অবস্থায় ছেড়ে দেওয়া উচিত নয়।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের শত্রুরা মানুষের জীবনকে শুধু সংখ্যা হিসেবে দেখে এবং সেই সংখ্যা ব্যবহার করে নিজেদের রাজনৈতিক স্বার্থ আদায় করতে চায়। কিন্তু ইরানের সরকারের দৃষ্টিতে এসব নিহত মানুষ শুধু সংখ্যা নয়। প্রত্যেকজন ছিলেন একটি পরিবার, একটি সমাজ এবং অসংখ্য সম্পর্কের অংশ। প্রতিটি ইরানিই আমাদের কাছে একটি পূর্ণ ইরানের মতো মূল্যবান। প্রেসিডেন্ট জনগণের সঙ্গে যে নৈতিক অঙ্গীকার করেছেন, সেই দায়িত্ব থেকেই নিজেকে তাদের অধিকার রক্ষার দায়িত্বে নিয়োজিত মনে করেন।

সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে পূর্ণ বিবৃতি

বিসমিল্লাহির রাহমানির রাহিম

এই সময়টাতে ইরান সেইসব পরিবারের পাশে দাঁড়িয়ে আছে, যারা তাদের প্রিয়জন হারিয়ে গভীর শোকে আছে। মানুষ, সরকার ও রাষ্ট্রের নৈতিক এবং মানবিক দায়িত্ব হলো—সব নিহত পরিবারের কষ্টের প্রতি দায়িত্বশীল মনোযোগ দেওয়া।

এই সব অস্থিরতা ও ঘটনার মধ্যে যারা নিহত হয়েছেন, তারা সবাই এই দেশেরই সন্তান। কোনো শোকাহত মানুষকে নীরবতা, অবহেলা বা অসহায় অবস্থায় ফেলে রাখা উচিত নয়।

ইরানের শত্রুরা মানুষের জীবনকে সংখ্যা হিসেবে গণনা করে এবং সেই সংখ্যা বাড়িয়ে নিজেদের রাজনৈতিক লাভ করতে চায়। কিন্তু ইরানের সরকারের কাছে নিহতরা শুধু সংখ্যা নয়। প্রত্যেকজন ছিলেন একটি পরিবার, একটি সমাজ এবং অসংখ্য মানবিক সম্পর্কের অংশ। প্রতিটি ইরানিই আমাদের কাছে একটি ইরানের সমান।

প্রেসিডেন্ট জনগণের সঙ্গে করা নৈতিক অঙ্গীকারের কারণে নিজেকে তাদের অধিকার রক্ষার দায়িত্বে বাধ্য মনে করেন।

গভীর দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে, সাম্প্রতিক ঘটনাগুলোতে মোট নিহতের সংখ্যা ৩,১১৭ জন।

স্বচ্ছতা ও জবাবদিহির নীতির ভিত্তিতে এবং প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান-এর নির্দেশে, ফরেনসিক মেডিসিন সংস্থা যে তথ্য প্রস্তুত করেছে এবং জাতীয় নিবন্ধন সংস্থার ডাটাবেজের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে—সেই তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ২,৯৮৬ জনের পূর্ণ পরিচয় তালিকা প্রকাশ করা হয়েছে।

পূর্বে ঘোষিত সংখ্যার সঙ্গে ১৩১ জনের পার্থক্য হয়েছে কারণ— কিছু নিহত ব্যক্তির পরিচয় তখনো নিশ্চিত হয়নি (অজ্ঞাত পরিচয়), এবং কিছু ক্ষেত্রে জাতীয় পরিচয় নম্বর নিবন্ধনে ভুল বা অসামঞ্জস্য ছিল। এই তথ্যগুলো ঠিক হওয়ার পর সংশোধিত তালিকায় যুক্ত করা হবে।

প্রকাশিত তালিকায় রয়েছে— নিহতদের নাম, পদবি, পিতার নাম এবং জাতীয় পরিচয় নম্বরের শেষ ছয়টি সংখ্যা।

মানুষের উদ্বেগ ও দুশ্চিন্তা বিবেচনায় একটি বিশেষ অনলাইন সিস্টেম তৈরি করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এর ঠিকানা জনসাধারণকে জানানো হবে, যাতে কোনো জটিল প্রশাসনিক প্রক্রিয়া ছাড়াই, মানুষ সহজভাবে নতুন তথ্য বা দাবি জমা দিতে পারে, সেগুলো যাচাই করা যায়, এবং সব প্রশ্নের নির্ভুল ও প্রমাণভিত্তিক উত্তর দেওয়া যায়— একই সঙ্গে ব্যক্তিগত মর্যাদা ও গোপনীয়তাও রক্ষা করা হবে।

আমরা আশা করি, সহমর্মিতা, একতা, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে, সাম্প্রতিক দুঃখজনক ঘটনাগুলোর পর ইরানে ধীরে ধীরে শান্তি ফিরে আসবে এবং জাতীয় সংহতি আরও শক্তিশালী হবে।#

পার্সটুডে/এমএআর/১