চলতি বছর ১০ বিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করেছে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i157130-চলতি_বছর_১০_বিলিয়ন_ডলারের_বিদেশি_বিনিয়োগ_আকৃষ্ট_করেছে_ইরান
পার্সটুডে: চলতি বছরে ইরান প্রায় ১০ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এটি দেশটির অর্থনৈতিক সক্ষমতা ও সম্ভাবনার ওপর আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থারই প্রতিফলন। একই সঙ্গে জাতীয় ব্র্যান্ডের ভাবমূর্তি উন্নয়নের উদ্যোগও জোরদার করা হয়েছে।
(last modified 2026-02-17T14:37:08+00:00 )
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ১৮:৪১ Asia/Dhaka
  • চলতি বছর ১০ বিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করেছে ইরান

পার্সটুডে: চলতি বছরে ইরান প্রায় ১০ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এটি দেশটির অর্থনৈতিক সক্ষমতা ও সম্ভাবনার ওপর আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থারই প্রতিফলন। একই সঙ্গে জাতীয় ব্র্যান্ডের ভাবমূর্তি উন্নয়নের উদ্যোগও জোরদার করা হয়েছে।

বার্তা সংস্থা ইরনা'র বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইরানের বিনিয়োগ ও অর্থনৈতিক এবং কারিগরি সহায়তা সংস্থার প্রধান মাহদি হায়দারি প্রথম জাতীয় “ইরান ন্যাশনাল ব্র্যান্ড” সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে সংস্থার প্রধান লক্ষ্য হচ্ছে বিদ্যমান বিদেশি বিনিয়োগকারীদের সমস্যাগুলো দ্রুত সমাধান করা, যাতে তারা ইতিবাচক অভিজ্ঞতা অর্জন করেন। এতে বাজারে আস্থার বার্তা ছড়িয়ে পড়বে এবং নতুন বিনিয়োগও উৎসাহিত হবে।

হায়দারির মতে, বিনিয়োগকারীদের কাছে সঠিক ও স্বচ্ছ পরিসংখ্যান তুলে ধরা এবং অর্থনীতি সম্পর্কে বাস্তবসম্মত বর্ণনা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক দেশের মতো ইরানেও পুঁজি আসা-যাওয়ার প্রক্রিয়া স্বাভাবিক। তবে অবাস্তব প্রতিশ্রুতি না দিয়ে বিশ্বাসযোগ্য অর্থনৈতিক চিত্র তুলে ধরা জরুরি। তিনি বলেন, শক্তিশালী জাতীয় ব্র্যান্ড গড়ে উঠলে বিনিয়োগের ঝুঁকি ও আর্থিক ব্যয় কমে যায়। বিনিয়োগকারীরা সাধারণত সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, নীতির পূর্বানুমানযোগ্যতা এবং সুশাসনের মানকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন।

জাতীয় ব্র্যান্ড শক্তিশালী করার প্রয়োজন

সম্মেলনে ইরানের স্বার্থ-সংক্রান্ত নির্ধারণী সংস্থার নীতিমালা বাস্তবায়ন মূল্যায়ন ও কৌশলগত তদারকি কেন্দ্রের প্রধান সাইয়্যেদ মোহসেন দেহনাভি বলেন, জাতীয় ব্র্যান্ড বলতে ইরানের বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে একটি সম্মিলিত ও ইতিবাচক ধারণাকে বোঝায়। তার মতে, প্রথমে দেশের ভেতরে বিনিয়োগকারীদের নিরাপত্তা ও স্থিতিশীলতার অনুভূতি নিশ্চিত করতে হবে। অভ্যন্তরীণ আস্থা তৈরি হলে আন্তর্জাতিক অঙ্গনেও ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলা সহজ হবে। তিনি আরও বলেন, দক্ষ ও মেধাবী জনগোষ্ঠীই জাতীয় ব্র্যান্ড পুনর্গঠনের মূল শক্তি।

ইরানের শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী সাঈদ শোজায়ী বলেন, বিনিয়োগ পরিবেশ উন্নত করতে কিছু কাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করা প্রয়োজন। এর মধ্যে রয়েছে- অসামঞ্জস্যপূর্ণ আইন, সম্পত্তির অধিকার সুরক্ষার দুর্বলতা এবং নিম্নস্তরের মূল্যশৃঙ্খলে উৎপাদন কেন্দ্রীভূত থাকা। তিনি জোর দিয়ে বলেন, শিল্পনীতি সংস্কার ও আইনি নিরাপত্তা জোরদার না করলে আঞ্চলিক ও বৈশ্বিক বাজারে শক্তিশালী ইরানি ব্র্যান্ড তৈরি করা কঠিন হবে।

পর্যটনের মাধ্যমে ইতিবাচক ভাবমূর্তি

ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প মন্ত্রণালয়ের বিনিয়োগ ও অর্থনৈতিক কেন্দ্রের প্রধান আলী-আসগর শালবাফিয়ান বলেন, পর্যটন খাত আন্তর্জাতিক পর্যায়ে ইরানের ভাবমূর্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তার মতে, বিদেশি পর্যটকের সরাসরি অভিজ্ঞতা সরকারি প্রচারণার চেয়ে বেশি কার্যকর। তাই আন্তর্জাতিক প্রচার এবং পেশাদার পর্যটন বিপণন আরও শক্তিশালী করা প্রয়োজন।

এদিকে, ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বিশ্বকার্যক্রমের প্রধান আহমাদ নওরোজি বলেছেন, বাস্তব পরিস্থিতির ওপর ভিত্তি করে ইরানি পরিচয় তুলে ধরাই সবচেয়ে কার্যকর পন্থা। কৃত্রিম বা অতিরঞ্জিত চিত্রায়ন দীর্ঘমেয়াদে ইতিবাচক ফল দেয় না। তিনি জাতীয় ব্র্যান্ড উন্নয়নে সরকার, বেসরকারি খাত, বিশ্ববিদ্যালয় ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

প্রথম জাতীয় “ইরান ন্যাশনাল ব্র্যান্ড” সম্মেলনটি আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভাবমূর্তি শক্তিশালী করা এবং প্রয়োজনীয় নীতিগত কাঠামো পর্যালোচনার লক্ষ্যেই আয়োজন করা হয়।#

পার্সটুডে/এমএআর/১৭