ইরানের সর্বোচ্চ নেতার শাহাদাতে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের বার্তা
https://parstoday.ir/bn/news/iran-i157414-ইরানের_সর্বোচ্চ_নেতার_শাহাদাতে_প্রেসিডেন্ট_পেজেশকিয়ানের_বার্তা
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক বার্তায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ইমাম খামেনেয়ী'র শাহাদাতে শোক প্রকাশ করেছেন।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
মার্চ ০১, ২০২৬ ১৬:৫৭ Asia/Dhaka
  • পেজেশকিয়ান
    পেজেশকিয়ান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক বার্তায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ইমাম খামেনেয়ী'র শাহাদাতে শোক প্রকাশ করেছেন।

বার্তাটি এ রকম: গভীর দুঃখ, বেদনা ও শোকের সঙ্গে জানানো যাচ্ছে যে, মুসলিম উম্মাহর মহান নেতা ও ইসলামী বিপ্লবের নেতা হযরত আয়াতুল্লাহিল উযমা ইমাম খামেনেয়ী বিশ্বের নিকৃষ্টতম দুষ্কৃতকারীদের হাতে শাহাদাতবরণ করেছেন। এই ঘটনা আজকের মুসলিম বিশ্বের জন্য সর্ববৃহৎ পরীক্ষা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ রাজনৈতিক পদাধিকারী এবং বিশ্ব শিয়া সম্প্রদায়ের বিশিষ্ট নেতা ও মারজার ওপর অভিশপ্ত মার্কিন-জায়নিস্ট অক্ষের এই সন্ত্রাসী হামলা মুসলমানদের বিশেষকরে বিশ্বের বিভিন্ন প্রান্তের শিয়াদের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণার শামিল।

প্রিয় ইরান গত ৩৭ বছর ধরে শহীদ মহান নেতা আয়াতুল্লাহিল উযমা ইমাম খামেনেয়ীর প্রজ্ঞাময় নেতৃত্বে দৃঢ়তা ও শক্তির সঙ্গে রুহুল্লাহ খোমেনি (রহ.)-এর আলোকোজ্জ্বল পথ অনুসরণ করেছে এবং সাম্রাজ্যবাদবিরোধিতা এবং মুক্তি ও স্বাধীনতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই মহান ও ঐশী নেতা জনগণের ইচ্ছা, ভোট ও মতামতের ওপর নির্ভর করে ইরানি জাতিকে মর্যাদাবান ও সম্মানিত করেছেন এবং এক অটল স্তম্ভের ন্যায় ইসলাম ও ইরানের শত্রুদের চোখের কাঁটা হয়ে ছিলেন।

দূরদর্শিতা ও প্রজ্ঞা, অবিচারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান, ইমাম খোমেনি ও ইসলামী বিপ্লবের আদর্শের প্রতি অঙ্গীকার, মমতা ও দয়া, জ্ঞান ও সহনশীলতা, সততা এবং মহান স্রষ্টার প্রতি খাঁটি ঈমান—এই সব গুণাবলি শহীদের মর্যাদাপ্রাপ্ত ইমাম খামেনেয়ীর নামকে সমসাময়িক ইতিহাসে ইমাম খোমেনি (রহ.)-এর পাশাপাশি চিরস্থায়ী ও অমর করে রাখবে। প্রকৃতপক্ষে ইসলামের শত্রুদের বিরুদ্ধে সংগ্রামের ময়দানে শাহাদাত প্রাপ্তি ব্যতীত আয়াতুল্লাহিল উযমা সাইয়্যেদ আলী খামেনেয়ীর নাম ও মর্যাদার জন্য উপযুক্ত আর কিছুই ছিল না। 

ইসলামী প্রজাতন্ত্র ইরান এই ঐতিহাসিক অপরাধের পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণকে নিজের দায়িত্ব ও বৈধ অধিকার বলে মনে করে এবং এই মহান দায়িত্ব বাস্তবায়নে সর্বশক্তি নিয়োগ করবে।

আমি পুনরায় মুসলিম উম্মাহ, মহান ইরান জাতি এবং এই অমর নেতার সকল ভক্ত ও অনুসারীদের প্রতি সমবেদনা জানিয়ে ইতিহাসের এই মহান ব্যক্তিত্বের পথ অব্যাহত রাখার জন্য আমার দৃঢ় সংকল্প ও অটল প্রত্যয়ের ওপর জোর দিচ্ছি।

মহান আল্লাহর দরবারে দোয়া করছি, তিনি যেন ইসলামী বিপ্লবের উচ্চ আদর্শ বাস্তবায়ন এবং সমাজে ন্যায় ও স্বাধীনতা বিস্তারের পথে দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও মহান ইরানি জাতির মধ্যে ক্রমবর্ধমান ঐক্য ও সংহতি দান করেন।

পার্সটুডে/এসএ/১