ইরানের জনগণ বীরত্বের সঙ্গে লড়াই করছে: পুতিন / সম্পর্ক জোরদার হবে: অরাকচি
-
পুতিন ও আরাকচি
পার্সটুডে- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচির সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন- ইরানের জনগণ সাহসিকতা ও বীরত্বের সঙ্গে নিজেদের সার্বভৌমত্বের জন্য লড়াই করছে।
পুতিন বলেন, তিনি গত সপ্তাহে ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ীর বার্তা পেয়েছেন। তিনি বলেন, “আমি আপনাকে অনুরোধ করছি, সর্বোচ্চ নেতার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা পৌঁছে দেবেন এবং মস্কোর পক্ষ থেকে এটা নিশ্চিত করা হচ্ছে যে, রাশিয়া, ইরানের মতোই তাদের কৌশলগত সম্পর্ক অব্যাহত রাখতে চায়।”
রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন: “আমরা খুবই আশাবাদী যে নতুন নেতৃত্বের নির্দেশনাতেও নিজেদের স্বাধীনতা রক্ষার দৃঢ় সংকল্প ও সাহসের ওপর ভর করে ইরানের জনগণ এই কঠিন সময় অতিক্রম করবে এবং শান্তি ও সাফল্য অর্জন করবে।” তিনি জোর দিয়ে বলেন, "আপনাদের ও সমগ্র অঞ্চলের জনগণের স্বার্থে যত দ্রুত সম্ভব শান্তি প্রতিষ্ঠার জন্য যা কিছু করা সম্ভব, আমরা তা করব।”
ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই বৈঠকের শুরুতে ইরানের সর্বোচ্চ নেতা এবং প্রেসিডেন্টের উষ্ণ শুভেচ্ছা পুতিনের কাছে পৌঁছে দেন। তিনি যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে রাশিয়ার অবস্থানের জন্য পুতিনকে ধন্যবাদ জানান। এরপর তিনি বলেন, “সমগ্র বিশ্ব যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের প্রকৃত শক্তি প্রত্যক্ষ করেছে এবং এটা স্পষ্ট হয়েছে যে, ইসলামি প্রজাতন্ত্র ইরান একটি স্থিতিশীল, শক্তিশালী ও সুদৃঢ় রাষ্ট্র।”
আরাকচি আরও বলেন, ইরানের জনগণ সাহসের মাধ্যমে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে এবং তারা তা মোকাবেলা করতেও সক্ষম হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, “মস্কো ও তেহরানের সম্পর্ক একটি কৌশলগত সহযোগিতা এবং এটি আরও শক্তিশালী হবে।#
পার্সটুডে/এস এ/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন