বৈরুতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের ওপর নিষেধাজ্ঞা: তেহরানের নিন্দা
https://parstoday.ir/bn/news/iran-i159572-বৈরুতে_নিযুক্ত_ইরানি_রাষ্ট্রদূতের_ওপর_নিষেধাজ্ঞা_তেহরানের_নিন্দা
পার্সটুডে- ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে লেবাননে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত এবং বেশ কয়েকজন লেবানিজ কর্মকর্তা ও নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপের মার্কিন পদক্ষেপের নিন্দা জানিয়েছে। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, এই জঘন্য পদক্ষেপগুলোর লক্ষ্য হলো লেবাননের জাতীয় সার্বভৌমত্বকে দুর্বল করা এবং লেবাননের জনগণকে রাষ্ট্রদ্রোহিতায় উস্কানি দেওয়া।
(last modified 2026-05-22T06:51:58+00:00 )
মে ২২, ২০২৬ ১২:২৯ Asia/Dhaka
  • ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
    ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

পার্সটুডে- ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে লেবাননে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত এবং বেশ কয়েকজন লেবানিজ কর্মকর্তা ও নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপের মার্কিন পদক্ষেপের নিন্দা জানিয়েছে। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, এই জঘন্য পদক্ষেপগুলোর লক্ষ্য হলো লেবাননের জাতীয় সার্বভৌমত্বকে দুর্বল করা এবং লেবাননের জনগণকে রাষ্ট্রদ্রোহিতায় উস্কানি দেওয়া।

লেবাননে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত এবং বেশ কয়েকজন লেবানিজ কর্মকর্তা ও নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপের মার্কিন পদক্ষেপের নিন্দা জানিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির মূল পাঠ নিম্নরূপ:

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈরুতে ইরানের নবনির্বাচিত রাষ্ট্রদূত “মোহাম্মদ রেজা রউফ শেইবানি”-এর উপর মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের নিষেধাজ্ঞা আরোপের অবৈধ ও অযৌক্তিক পদক্ষেপের তীব্র নিন্দা জানাচ্ছে এবং এই পদক্ষেপকে মার্কিন শাসকগোষ্ঠীর আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের অনস্বীকার্য নীতিমালা লঙ্ঘন এবং অবজ্ঞার আরেকটি উদাহরণ হিসেবে বিবেচনা করছে, বিশেষ করে রাষ্ট্রগুলোর জাতীয় সার্বভৌমত্বকে সম্মান করার মৌলিক নীতি তারা লঙ্ঘন করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় লেবাননের প্রতিনিধি পরিষদে হিজবুল্লাহর বেশ কয়েকজন প্রতিনিধি, আমাল আন্দোলনের কর্মকর্তা এবং লেবাননের বেশ কয়েকজন সামরিক ও নিরাপত্তা কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপের মার্কিন পদক্ষেপেরও তীব্র নিন্দা জানাচ্ছে।

এই জঘন্য পদক্ষেপগুলোর লক্ষ্য হলো লেবাননের জাতীয় সার্বভৌমত্বকে দুর্বল করা এবং লেবাননের সমাজে রাষ্ট্রদ্রোহিতা উস্কে দেওয়া। এগুলো লেবাননের বিরুদ্ধে চলমান সামরিক আগ্রাসন এবং জঘন্য অপরাধ সংঘটনে আগ্রাসী ও দখলদার ইসরায়েলের সাথে মার্কিন শাসকগোষ্ঠীর অব্যাহত যোগসাজশের একটি লক্ষণ।

নিঃসন্দেহে, লেবাননের বিভিন্ন গোষ্ঠী ও শ্রেণি জাতীয় ঐক্য ও সংহতি বজায় রেখে লেবাননের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করবে এবং আগ্রাসন প্রতিহত করে ও লেবাননে ইসরায়েলের দখলদারিত্বের অবসান ঘটিয়ে ইসরায়েলকে তার অশুভ লক্ষ্য অর্জনে ব্যর্থ করে দেবে।

ইসলামী প্রজাতন্ত্র ইরান উভয় দেশের স্বার্থ রক্ষার্থে এবং বিভিন্ন ক্ষেত্রে লেবাননের সাথে বন্ধুত্বপূর্ণ ও ঐতিহাসিক সম্পর্ক জোরদার করতে দৃঢ়প্রতিজ্ঞ।#

পার্সটুডে/এমআরএইচ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।