ইসরায়েলি হামলা বন্ধ না হলে তেলআবিবের বিরুদ্ধে সরাসরি অবস্থানের হুঁশিয়ারি ইরানের
https://parstoday.ir/bn/news/iran-i159930-ইসরায়েলি_হামলা_বন্ধ_না_হলে_তেলআবিবের_বিরুদ্ধে_সরাসরি_অবস্থানের_হুঁশিয়ারি_ইরানের
পার্সটুডে: ইরানের সংসদ স্পিকার বলেছেন, ইরান ও লেবাননের সম্পর্ক অবিচ্ছেদ্য। তিনি জোর দিয়ে বলেন, যদি ইসরায়েল তার অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখে,তাহলে তেহরান শুধু আলোচনার প্রক্রিয়াই বন্ধ করবে না, বরং সরাসরি ইহুদিবাদী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান নেবে।
(last modified 2026-06-02T10:08:52+00:00 )
জুন ০২, ২০২৬ ১৬:০২ Asia/Dhaka
  • স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ লেবাননের স্পিকার নাবি বেরির সঙ্গে এক টেলিফোনালাপ করেন।
    স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ লেবাননের স্পিকার নাবি বেরির সঙ্গে এক টেলিফোনালাপ করেন।

পার্সটুডে: ইরানের সংসদ স্পিকার বলেছেন, ইরান ও লেবাননের সম্পর্ক অবিচ্ছেদ্য। তিনি জোর দিয়ে বলেন, যদি ইসরায়েল তার অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখে,তাহলে তেহরান শুধু আলোচনার প্রক্রিয়াই বন্ধ করবে না, বরং সরাসরি ইহুদিবাদী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান নেবে।

পার্সটুডে’র খবরে বলা হয়েছে,ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবি বেরির সঙ্গে এক টেলিফোন আলাপে এ কথা বলেন।

কলিবফ বলেন, হিজবুল্লাহ ও আমাল আন্দোলন আজ শুধু নিজেদের মাতৃভূমি লেবাননকেই রক্ষা করছে না,বরং সমগ্র মুসলিম উম্মাহর স্বার্থ ও মর্যাদা রক্ষার সংগ্রামও চালিয়ে যাচ্ছে। এ কারণেই ইরান ও লেবাননের মধ্যকার সম্পর্ক অত্যন্ত গভীর এবং অবিচ্ছেদ্য। তিনি বলেন, “আমাদের ও আপনাদের ভাগ্য এবং স্বার্থ একসূত্রে গাঁথা।”

ইরানের পার্লামেন্ট স্পিকার আরও বলেন, যদি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এবং সংঘাতের অবসান ঘটিয়ে কোনো সমঝোতা বা চুক্তি প্রতিষ্ঠিত হয়, তবে সেই চুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ হবে সব ফ্রন্টে,বিশেষ করে লেবাননে, সামরিক হামলা ও আগ্রাসন বন্ধ করা।

তিনি জানান,গত দুই দিন ধরে ইরান অত্যন্ত গুরুত্বের সঙ্গে ইসরায়েলি হামলা বন্ধের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে যদি এই হামলা ও অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকে, তাহলে ইরান কেবল আলোচনা প্রক্রিয়া থেকে সরে আসবে না, বরং ইসরায়েলি শাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করবে।

কলিবফ জোর দিয়ে বলেন,তেহরান লেবাননের সর্বত্র,বিশেষ করে দক্ষিণ লেবাননে, একটি স্থায়ী ও কার্যকর যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ এবং এ লক্ষ্য অর্জনে তার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

অপরদিকে,লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি ইসরায়েলি আগ্রাসন বন্ধে ইরানের উদ্যোগ ও প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বলেন,বর্তমান সংবেদনশীল ও সংকটময় সময়ে ইরান যে ইতিবাচক ও সহায়ক ভূমিকা পালন করছে,লেবানন তা কখনো ভুলবে না।

নাবিহ বেরি আরও বলেন,লেবাননের জনগণ এবং নেতৃত্ব ইরানের সমর্থন ও সহযোগিতাকে মূল্যায়ন করে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে তেহরানের প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞ।

 

পার্সটুডে/এমবিএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।