ইরানে পশ্চিম এশিয়ার বৃহত্তম ক্যান্সার হাসপাতাল উদ্বোধন
-
ইরান ক্যান্সার ইনস্টিটিউট হাসপাতালের নতুন ভবন
পার্সটুডে-৬১০টিরও বেশি শয্যাবিশিষ্ট পশ্চিম এশিয়ার বৃহত্তম ক্যান্সার হাসপাতাল-ইরান ক্যান্সার ইনস্টিটিউট হাসপাতাল-উদ্বোধন করা হয়েছে।
পার্সটুডে তাসনিম বার্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানে আজ (মঙ্গলবার) সকালে ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষামন্ত্রী মোহাম্মদ রেজা জাফারকান্দি নতুন ওই ভবনটি উদ্বোধন করেন।
ক্যান্সার প্রতিরোধ, ক্যান্সার নির্ণয় ও চিকিৎসার লক্ষ্যে জাতীয় বৈজ্ঞানিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা এই হাসপাতালটি ৬০ হাজার বর্গমিটার আয়তনের এবং ১৮ তলা বিশিষ্ট। এর নির্মাণ ব্যয় প্রায় ১২ হাজার বিলিয়ন তুমান বলে ধারণা করা হচ্ছে।
ইরান ক্যান্সার ইনস্টিটিউট পশ্চিম এশিয়ার বৃহত্তম ক্যান্সার চিকিৎসা হাসপাতাল হিসেবে বিবেচিত হচ্ছে। হাসপাতালটির যন্ত্রপাতি ও প্রযুক্তিগত অবকাঠামো স্থাপনে ব্যয় হয়েছে ৪ হাজার ৬০০ বিলিয়ন তুমান। এতে রয়েছে ৩৭টি বিশেষায়িত বিভাগ, ১১টি ইমেজিং ও রেডিওথেরাপি যন্ত্র এবং ৯৬টি কেমোথেরাপি শয্যা।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাফারকান্দি বলেন, নতুন ক্যান্সার ইনস্টিটিউট হাসপাতাল চালু হওয়ার ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে দেশের স্বাস্থ্যখাতের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন। তিনি জোর দিয়ে বলেন, কঠিন পরিস্থিতির মধ্যেও এমন একটি প্রকল্প বাস্তবায়ন প্রমাণ করে যে দেশের স্বাস্থ্যব্যবস্থা জনগণের সেবা অব্যাহত রাখতে এবং চিকিৎসা অবকাঠামো উন্নয়নে দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, এই প্রকল্প যুদ্ধকালীন পরিস্থিতিতেও চালু হয়েছে। এটি একটি স্পষ্ট বার্তা দেয় যে দেশের স্বাস্থ্যসেবা বিভাগ জনগণের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে।
ইরানের স্বাস্থ্যমন্ত্রী বলেন, সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর জেনেভা বৈঠকেও তিনি উল্লেখ করেছেন যে, ইরানের স্বাস্থ্যখাত সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও জনগণকে সেবা দেওয়া থেকে বিরত হয় নি এবং আজও সেই ধারা অব্যাহত রয়েছে।#
পার্সটুডে/এনএম/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।