যুক্তরাষ্ট্র–ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ বিদেশি কূটনীতিকদেরও মুগ্ধ করেছে: আরাকচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানি জাতির বীরত্বপূর্ণ প্রতিরোধ, মর্যাদা ও দৃঢ় অবস্থান তেহরানে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের বিশেষভাবে মুগ্ধ করেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, আরাকচি মঙ্গলবার তেহরানে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও জ্যেষ্ঠ কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় এ মন্তব্য করেন।
তিনি জানান, বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক আগ্রাসনের ফলে সৃষ্ট গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠক শেষে উপস্থিত কূটনীতিকদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময়ের সুযোগও হয়।
আরাকচির ভাষায়, সাম্প্রতিক অসম যুদ্ধের মুখে ইরানি জনগণের প্রতিরোধ, আত্মমর্যাদা ও জাতীয় ঐক্য বিদেশি কূটনীতিকদের সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে এবং তাদের প্রশংসা অর্জন করেছে।
বৈঠকের এক পর্যায়ে ব্রাজিল ও উরুগুয়ের রাষ্ট্রদূতরা সৌহার্দ্যের নিদর্শন হিসেবে নিজ নিজ জাতীয় ফুটবল দলের জার্সি উপহার দেন। এ প্রসঙ্গে আরাকচি বলেন, বিশ্বকাপ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; এটি জাতিগুলোর মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক বোঝাপড়া এবং সাংস্কৃতিক সম্পর্কেরও প্রতীক।#
পার্সটুডে/এমবিএ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।