ইসরায়েলকে নিয়ন্ত্রণের সক্ষমতা ও সদিচ্ছা কোনোটিই যুক্তরাষ্ট্রের নেই: ইরানি এমপি
-
ইসমাইল কাওসারি
পার্সটুডে: ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ইসমাইল কাওসারি বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নিয়ন্ত্রণ বা সংযত করার কোনো প্রকৃত ইচ্ছা রাখে না। বরং ওয়াশিংটন চায় মধ্যপ্রাচ্যে সবসময় উত্তেজনা ও ভয়ের পরিবেশ বজায় থাকুক।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রতিবেশী কয়েকটি দেশের আকাশসীমায় ইসরায়েলি বাহিনীর সামরিক বিমান চলাচল এবং এ বিষয়ে খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদর দপ্তরের সতর্কবার্তার প্রতিক্রিয়ায় ইসমাইল কাওসারি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “ইসরায়েল এমন একটি সত্তা, যা কোনো আন্তর্জাতিক আইন বা প্রতিশ্রুতিকে গুরুত্ব দেয় না। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা এই শাসনব্যবস্থা মূলত যুদ্ধের জন্যই সৃষ্টি হয়েছে এবং যুদ্ধই তাদের অস্তিত্বের ভিত্তি।”
তিনি আরও বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া একটি সমঝোতায় ইসরায়েলকে নিয়ন্ত্রণে রাখার বিষয় ছিল। কিন্তু বাস্তবে যুক্তরাষ্ট্র নিজেই তা করতে সক্ষম নয়।
ইরানি এই সংসদ সদস্যের মতে, যুক্তরাষ্ট্র যুদ্ধের অবসান চায় না, কারণ তাদের অনেক রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ যুদ্ধের সঙ্গে জড়িত। একই কারণে তারা লেবানন সীমান্তে উত্তেজনারও অবসান দেখতে আগ্রহী নয়। তার দাবি, ওয়াশিংটনের লক্ষ্য হলো অঞ্চলটিকে সবসময় ইসরাইলকে কেন্দ্র করে আতঙ্কের মধ্যে রাখা।
কাওসারি বলেন, খাতামুল আম্বিয়া (আ.) সদর দপ্তরের সাম্প্রতিক বিবৃতি প্রমাণ করে যে ইরানের সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত। তিনি সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে যেকোনো হুমকি বা উসকানিমূলক পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে।
উল্লেখ্য, খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদরদপ্তর সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিবেশী কয়েকটি দেশের আকাশসীমায় ইসরাইলি সামরিক বিমানের তৎপরতা ইরানের জন্য একটি সম্ভাব্য হুমকি। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়, তাহলে ইরান নিজের নিরাপত্তার বিরুদ্ধে কোনো হুমকি মেনে নেবে না এবং প্রয়োজনীয় জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে।#
পার্সটুডে/এমএআর/২৬