ইরাক সফরে আরাকচি: কৌশলগত সহযোগিতা এবং সংকটের কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ
-
• ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইরাকের প্রেসিডেন্ট নিজার আমিদির সাথে সাক্ষাৎ করেছেন
পার্সটুডে- ইরাক সফরে গিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী দেশটির সংসদের স্পিকার, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ ও আলোচনা করেছেন।
ইরনা-কে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ইরাকি সংসদের স্পিকার হাইবাত আল-হালবুসির সাথে এক বৈঠকে ইরাককে সমর্থন করার ক্ষেত্রে ইরানের আগ্রহ ও আন্তরিকতার কথা জানিয়ে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা জোরদার করার কথা বলেছেন।
আল-হালবুসিও সংকট ও সংঘাত সত্ত্বেও সংলাপ জোরদার করা এবং শান্তিপূর্ণ সমাধানকে অগ্রাধিকার দেওয়ার লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করার ক্ষেত্রে ইরাকের অবস্থানের ওপর জোর দিয়েছেন।
ইরাকি প্রেসিডেন্ট: আমরা শান্তি প্রচেষ্টা এগিয়ে নেয়ার যেকোনো পদক্ষেপকে সমর্থন করি
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে এক বৈঠকে ইরাকি প্রেসিডেন্ট নিজার আমিদি এ অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব রক্ষা এবং কূটনৈতিক উপায়ে বিরোধ নিষ্পত্তিতে সহায়তা করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। আমিদি বলেন: ইরাক যেকোনো ধরনের উত্তেজনা বা বলপ্রয়োগ থেকে দূরে থেকে আঞ্চলিক শান্তি শক্তিশালী করতে, দেশগুলোর সার্বভৌমত্ব রক্ষা করতে এবং কূটনৈতিক উপায়ে বিরোধ নিষ্পত্তিতে সহায়তা করার যেকোনো পদক্ষেপকে সমর্থন করে।
এই বৈঠকে, আরাকচি সংকট মোকাবিলা ও বিরোধ নিষ্পত্তিতে ইরাকের অবস্থান এবং প্রচেষ্টার প্রশংসা করেন এবং বর্তমান ঘটনাবলীর ব্যাপারে সহযোগিতা ও বোঝাপড়ার পাশাপাশি সমন্বয় ও যৌথ আলোচনা অব্যাহত রাখার বিষয়ে ইরানের আগ্রহের ওপর জোর দেন।
সাইয়্যেদ আব্বাস আরাকচি তার ইরাক সফরকালে ইরাকি প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সাথেও সাক্ষাৎ ও আলোচনা করেন। ইরাকি প্রধানমন্ত্রী আলী আল-জাইদি এই অঞ্চলে যুদ্ধ শেষ করার কূটনৈতিক প্রক্রিয়াকে স্বাগত জানান এবং জোর দিয়ে বলেন: "ইরাক এই অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য যুদ্ধ শেষ করা এবং সংলাপ গ্রহণের অগ্রাধিকারকে সমর্থন করে।"
এই বৈঠকে আরাকচি আবারও ইরাকের প্রতি তাঁর দেশের সমর্থন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা সম্প্রসারণের জন্য যৌথ কাজ ও সমন্বয়ের ওপর জোর দেন।#
পার্সটুডে/এমআরএইচ/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।