ব্রিকস কাঠামোর মধ্যে ইরান-ভারত সম্পর্ক জোরদার হবে: পেজেশকিয়ান
https://parstoday.ir/bn/news/iran-i160928-ব্রিকস_কাঠামোর_মধ্যে_ইরান_ভারত_সম্পর্ক_জোরদার_হবে_পেজেশকিয়ান
পার্সটুডে- ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেলিফোনালাপে ইরানের প্রেসিডেন্ট তেহরান ও নয়াদিল্লির মধ্যে সহযোগিতা বিকাশের ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে মনে করেন এবং বিশেষ করে ব্রিকস কাঠামোর মধ্যে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
(last modified 2026-07-01T06:41:10+00:00 )
জুলাই ০১, ২০২৬ ১২:৩৭ Asia/Dhaka
  • ব্রিকস কাঠামোর মধ্যে ইরান-ভারত সম্পর্ক জোরদার হবে: পেজেশকিয়ান
    ব্রিকস কাঠামোর মধ্যে ইরান-ভারত সম্পর্ক জোরদার হবে: পেজেশকিয়ান

পার্সটুডে- ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেলিফোনালাপে ইরানের প্রেসিডেন্ট তেহরান ও নয়াদিল্লির মধ্যে সহযোগিতা বিকাশের ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে মনে করেন এবং বিশেষ করে ব্রিকস কাঠামোর মধ্যে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

ইরান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক টেলিফোনালাপে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ দেশে ব্রিকস তেল ও জ্বালানি মন্ত্রীদের বৈঠকের সফল পরিকল্পনা ও আয়োজনে সন্তোষ প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে ব্রিকসের মতো এই বহুপাক্ষিক ব্যবস্থার কাঠামোর মধ্যে ইরান ও ভারতের মধ্যে সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক আরও প্রসারিত হবে।

ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও গভীর করার বিষয়ে ইরানের আগ্রহের ওপর জোর দিয়ে পেজেশকিয়ান বলেন: "দুই দেশের সম্পর্ক একটি দীর্ঘস্থায়ী, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এবং বিভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক, ট্রানজিট ও আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতার স্তর বাড়ানোর ব্যাপক সক্ষমতা রয়েছে। সে অনুযায়ী, বৃহত্তর সমন্বয় ও বিদ্যমান সক্ষমতা ব্যবহারের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের জন্য নতুন পথ নির্ধারণ ও বাস্তবায়ন করা প্রয়োজন।" অনেক আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে, বিশেষ করে বহুপাক্ষিক সংস্থা ও ফোরামের কাঠামোর মধ্যে তেহরান ও নয়াদিল্লির অভিন্ন দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে তিনি বলেন: "এই সমন্বয়গুলো দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা জোরদার এবং সর্বাত্মক সম্পর্ক সম্প্রসারণের পথ প্রশস্ত করতে পারে।"

এই টেলিফোনালাপে ভারতীয় প্রধানমন্ত্রীও পশ্চিম এশীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার যেকোনো উদ্যোগ ও প্রচেষ্টার প্রতি তাঁর দেশের সমর্থনের ওপর জোর দিয়ে বলেন, ভারত বিশ্বাস করে যে এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা কেবল এই অঞ্চলের দেশগুলোর জন্যই নয় বরং বৈশ্বিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্যও মৌলিকভাবে গুরুত্বপূর্ণ, তাই এই লক্ষ্য অর্জনে সকল দেশেরই সর্বাত্মক প্রচেষ্টা চালানো উচিত। #

পার্সটুডে/এমআরএইচ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।