আসাদ ও প্রতিরোধ শক্তিকে দুর্বল করাই আমেরিকার উদ্দেশ্য: আব্দুল্লাহিয়ান
-
হোসেইন আমির আব্দুল্লাহিয়ান
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং মধ্যপ্রাচ্যের প্রতিরোধ শক্তিগুলোকে দুর্বল করার লক্ষ্যে আমেরিকা কাজ করছে। একথা বলেছেন, ইরানের সংসদ স্পিকারের আন্তর্জাতিক বিষয়ক সহকারী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।
তিনি ইরানের একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, যুদ্ধের ময়দানে পরাজিত হওয়ার পর এখন মার্কিন কর্মকর্তারা আলোচনার টেবিলে সিরিয়া সরকারের ওপর সামরিক ও রাজনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা করছে।
আমির আব্দু্ল্লাহিয়ান ইরান সফরকারী সিরিয়া বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত স্ট্যাফান ডি মিস্তুরার তেহরান সফরের কথা উল্লেখ করে এসব কথা বলেন। ইরানের সাবেক এই উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়া সমস্যার রাজনৈতিক সমাধানের পথ খুঁজে বের করার জন্য সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন কর্মকর্তারা রুশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
মার্কিনীরা সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে সরিয়ে দেয়ার জন্য রাশিয়াকে রাজি করানোর চেষ্টা চালাচ্ছে বলে তিনি জানান।
আমির আব্দুল্লাহিয়ান ইয়েমেনে সৌদি সামরিক আগ্রাসনকে বড় ধরণের ভুল আখ্যায়িত করে বলেছেন, আলে সৌদ পরিবারের অভ্যন্তরীণ সংকট ধামাচাপা দেয়েই ইয়েমেন আগ্রাসনের মূল উদ্দেশ্য। #
পার্সটুডে/মোহাম্মদ রেজওয়ান হোসেন/মুজাহিদুল ইসলাম/১