মোহসেন রেজায়ি: প্রতিশোধই সাম্প্রতিক আরোপিত যুদ্ধের নতুন অধ্যায়
https://parstoday.ir/bn/news/iran-i161238-মোহসেন_রেজায়ি_প্রতিশোধই_সাম্প্রতিক_আরোপিত_যুদ্ধের_নতুন_অধ্যায়
পার্সটুডে— ইরান-ইরাক যুদ্ধের সময়কার আইআরজিসির সাবেক প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেছেন, সাম্প্রতিক আরোপিত যুদ্ধের নতুন অধ্যায় হলো প্রতিশোধ, এবং কেবল আইনি প্রক্রিয়া বা সামরিক সংঘাতের অবসানের মাধ্যমে এই অধ্যায়ের সমাপ্তি ঘটবে বলে মনে করার সুযোগ নেই।
(last modified 2026-07-12T12:43:56+00:00 )
জুলাই ১২, ২০২৬ ১৮:৩০ Asia/Dhaka
  • আইআরজিসির সাবেক প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহসেন রেজায়ি।
    আইআরজিসির সাবেক প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহসেন রেজায়ি।

পার্সটুডে— ইরান-ইরাক যুদ্ধের সময়কার আইআরজিসির সাবেক প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেছেন, সাম্প্রতিক আরোপিত যুদ্ধের নতুন অধ্যায় হলো প্রতিশোধ, এবং কেবল আইনি প্রক্রিয়া বা সামরিক সংঘাতের অবসানের মাধ্যমে এই অধ্যায়ের সমাপ্তি ঘটবে বলে মনে করার সুযোগ নেই।

পার্সটুডের খবরে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে তিনি বলেন, ইসলামী বিপ্লবের শহীদ নেতার জাঁকজমকপূর্ণ শেষ বিদায় অনুষ্ঠান অঞ্চল ও বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং বহু আন্তর্জাতিক বিশ্লেষক ও গণমাধ্যম জনগণের এই বিপুল উপস্থিতিতে বিস্মিত হয়েছে।

রেজায়ি বলেন, বড় নেতা ও বিশিষ্ট ব্যক্তিত্বদের শাহাদাত কোনো জাতির অগ্রযাত্রাকে থামিয়ে দিতে পারে না; বরং এ ধরনের ঘটনা ইসলামী বিপ্লবের আদর্শকে আরও শক্তিশালী করবে এবং জনগণকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।

তিনি আরও বলেন, বর্তমানে ইরানি জাতির সামনে দুটি বড় দায়িত্ব রয়েছে—প্রথমত, প্রতিশোধের দাবি অনুসরণ করা এবং দ্বিতীয়ত, জনগণের ঐক্য ও অংশগ্রহণের মাধ্যমে গড়ে ওঠা বিপ্লবকে এগিয়ে নেওয়া।

মেজর জেনারেল রেজায়ি জোর দিয়ে বলেন, ইরানের নেতৃত্ব ও জাতীয় নিরাপত্তার ওপর হামলা ইসলামী প্রজাতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ লাল রেখা অতিক্রম করার শামিল। আন্তর্জাতিক আইন ও ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে ইরানি জনগণ নিজেদের অধিকার রক্ষা এবং ন্যায়বিচার দাবি করার অধিকার সংরক্ষণ করে।

জাতীয় ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ইরানি জনগণ যেভাবে অতীতে চাপ ও হুমকির মুখে দৃঢ় অবস্থান নিয়েছে, ভবিষ্যতেও ঐক্য, প্রতিরোধ এবং বিপ্লবের সর্বোচ্চ নেতার নির্দেশনার আলোকে নিজেদের পথচলা অব্যাহত রাখবে।#

 

পার্সটুডে/এমবিএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।