সাফাভি: ইরানের প্রতিরক্ষা শক্তি দুর্বল করতে ব্যর্থ হয়েছে শত্রু
-
ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাভি
পার্সটুডে— ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাভি সাম্প্রতিক যুদ্ধ প্রসঙ্গে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইসলামী প্রজাতন্ত্রকে দুর্বল করা, অভ্যন্তরীণ ঐক্য বিনষ্ট করা এবং আঞ্চলিক সমীকরণ পরিবর্তনের লক্ষ্য নিয়ে যুদ্ধে জড়িয়েছিল; কিন্তু তারা নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।
পার্সটুডের খবরে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে সাফাভি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলা এবং ইসলামী বিপ্লবের নেতাকে শহীদ করা ছিল শত্রুপক্ষের সবচেয়ে বড় কৌশলগত ভুল। তিনি বলেন, এই পদক্ষেপ শত্রুর উদ্দেশ্য পূরণ করতে পারেনি; বরং এটি ইরানি জনগণের জাতীয় ঐক্য ও সংহতিকে আরও শক্তিশালী করেছে।
তিনি জোর দিয়ে বলেন, জাতীয় ঐক্য, নেতৃত্বের প্রতি সমর্থন এবং অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি—যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান।
সাফাভি শহীদ নেতার শেষ বিদায় অনুষ্ঠানে মানুষের ব্যাপক উপস্থিতির কথা উল্লেখ করে বলেন, এটি সমসাময়িক ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাবেশ। তেহরান, কোম, মাশহাদ, নাজাফ ও কারবালায় লাখো মানুষের উপস্থিতি ইসলামী বিপ্লবের আদর্শের সঙ্গে জনগণের গভীর সম্পর্কের প্রতিফলন এবং আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়েছে।
তিনি আরও বলেন, এই উপস্থিতি প্রমাণ করেছে যে ইসলামী বিপ্লবের সামাজিক ভিত্তি এখনো শক্তিশালী ও সক্রিয় রয়েছে এবং শত্রুর মনস্তাত্ত্বিক চাপ ও প্রচারণা এই সম্পর্ককে দুর্বল করতে পারেনি।
সাম্প্রতিক যুদ্ধের কৌশলগত প্রভাব প্রসঙ্গে সাফাভি বলেন, যেমন আশুরার আন্দোলন বিশ্বজুড়ে মুক্তিকামী মানুষের জন্য অনুপ্রেরণার উৎসে পরিণত হয়েছিল, তেমনি শহীদ নেতাসহ এ পথের অন্যান্য শহীদদের রক্তও বিশ্বের স্বাধীনতাকামী জাতিগুলোর মধ্যে প্রতিরোধের চেতনাকে আরও জোরদার করবে এবং এর প্রভাব ইরানের সীমানা ছাড়িয়ে যাবে।
তিনি আরও বলেন, গত চার দশকে ইরান জনগণের বিশ্বাস, ঐক্য ও অংশগ্রহণের শক্তিতে নানা সংকট অতিক্রম করেছে এবং বর্তমান পরিস্থিতিও জাতীয় সংহতি, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি ও প্রতিরোধের মনোভাব বজায় রেখে সফলভাবে মোকাবিলা করবে।#
পার্সটুডে/এমবিএ/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।