ইরান: যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকিতে পরিণত হয়েছে
পার্সটুডে – ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গত ২৪ ঘণ্টায় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আগ্রাসী হামলার নিন্দা জানিয়েছে।
পার্সটুডের খবরে বলা হয়েছে, সোমবার ভোরে প্রকাশিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের এই হামলা শুধু জাতিসংঘ সনদের মৌলিক নীতিমালা—বিশেষ করে ২ নম্বর অনুচ্ছেদের ৪ নম্বর দফার—সুস্পষ্ট লঙ্ঘনই নয়, বরং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্যও একটি গুরুতর হুমকি। পাশাপাশি, পশ্চিম এশিয়ায় উত্তেজনা কমানো এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গত কয়েক মাসে নেওয়া সব প্রচেষ্টাকেও এটি ব্যর্থ করে দিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধ অবসানের সমঝোতা স্বাক্ষরের মাত্র ২৫ দিনের মধ্যেই যুক্তরাষ্ট্র প্রায় সব শর্ত প্রকাশ্যে লঙ্ঘন করেছে। ইরানের পরিবহন অবকাঠামো, মাছ ধরার নৌকা ও পণ্যবাহী লঞ্চ, আবহাওয়া পর্যবেক্ষণ স্থাপনা এবং বিভিন্ন ভবনে হামলা চালিয়ে তারা গুরুতর যুদ্ধাপরাধ সংঘটিত করেছে বলে দাবি করা হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, হরমুজ প্রণালীতে ইরানের গৃহীত ব্যবস্থাপনা বাস্তবায়নের প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র প্রকাশ্যে হস্তক্ষেপ করেছে, যার ফলে ওই প্রণালীতে পুনরায় নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে এবং আন্তর্জাতিক বাণিজ্যিক নৌচলাচল ব্যাহত হয়েছে।
বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো আগ্রাসী পক্ষের সামরিক হামলার বিরুদ্ধে ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় ইসলামী প্রজাতন্ত্র ইরান দৃঢ়প্রতিজ্ঞ। একই সঙ্গে আগ্রাসী পক্ষগুলোর সঙ্গে যেকোনো ধরনের সহযোগিতা বা অংশগ্রহণের বিরুদ্ধে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করে, আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রতিবেশী দেশগুলোর দায়িত্ব হলো তাদের ভূখণ্ড বা সুযোগ-সুবিধা ব্যবহার করে কোনো আগ্রাসী পক্ষকে ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাতে না দেওয়া। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যেখান থেকেই হামলা পরিচালিত হবে, সেই উৎস ও ঘাঁটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষামূলক হামলার বৈধ লক্ষ্য হিসেবে বিবেচিত হবে।#
পার্সটুডে/এস এ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।